[ দেশজুড়ে ]
মানসিক হাসপাতালে প্রাণ দিলেন রোগী
ফাইল ছবি
পাবনার হেমায়েতপুরে অবস্থিত মানসিক হাসপাতালে জহুরুল হক নামের এক মানসিক রোগী আত্মহত্যা করেছেন। শুক্রবার (১০ জুন) সকালে ফাঁস নেন তিনি।
মৃত জহুরুল চাঁপাইনবাবগঞ্জ জেলার আড়াইপুর গ্রামের এহসান আলীর ছেলে।
হাসপাতালের পরিচালক (ভারপ্রাপ্ত) ডা. রতন কুমায় রায় ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. আঞ্জুমানী ফেরদৌস জানান, জহুরুলকে এ বছরের ২ মে পাবনা মানসিক হাসপাতালে ভর্তি করা হয়। শুক্রবার সকালে তিনি হাসপাতালের জানালার সঙ্গে ফাঁস নিয়ে আত্মহত্যা করেন। এ সময় সেখানে দুইজন নার্স ও একজন ওয়ার্ডবয় কর্মরত ছিলেন।
এ ব্যাপারে ভারপ্রাপ্ত পরিচালক রতন কুমার রায়ের কাছে ঘটনার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ঘটনার সময় তিনি পাবনার চাটমোহরে ছিলেন। তবে হাসপাতাল থেকে ফোনে তাকে বিষয়টি জানানো হয়েছে।
পাবনা সদর থানার ওসি আমিনুল ইসলাম জানান, জহুরুলের মরদেহ ময়নাতদন্ত শেষে শুক্রবার রাতে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে পাবনা সদর থানায় একটি অপমৃত মামলা করা হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/আরএম
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!