[ দেশজুড়ে ]
কানে হেডফোন লাগিয়ে রেললাইনে হাঁটছিল কিশোর, মুহূর্তে হলো লাশ
ট্রেনে কাটা-প্রতীকী ছবি
কানে হেডফোন লাগিয়ে রেললাইন ধরে হাঁটার সময় ট্রেনে কাটা পড়ে এক কিশোর নিহত হয়েছে। শুক্রবার সকালে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বক্তারপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মো. পারভেজ মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ি থানার শেরজাবাদ গ্রামের মনিরুল ইসলামের ছেলে। সে গাজীপুরের হাইটেক সিটির ভেতর একটি মুঠোফোন কোম্পানির কারখানায় কাজ করত।
জয়দেবপুর রেলওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) শহীদুল্লাহ হিরো বলেন, আজ সকাল সাড়ে সাতটার দিকে কালিয়াকৈর উপজেলার বক্তারপুর এলাকায় জয়দেবপুর-রাজশাহী রেললাইনের ওপর দিয়ে হেঁটে যাচ্ছিল পারভেজ। এ সময় টাঙ্গাইল থেকে ঢাকাগামী কমিউটার ট্রেন এলে নিচে কাটা পড়ে ঘটনাস্থলে মারা যায় ওই কিশোর। খবর পেয়ে কিশোরের লাশ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
এসআই শহীদুল্লাহ বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ওই কিশোর কানে হেডফোন লাগিয়ে রেললাইন ধরে হাঁটছিল। যার কারণে সে ট্রেনের শব্দ টের পায়নি। এই ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হবে।
ডেইলি-বাংলাদেশ/জেএইচ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!