[ দেশজুড়ে ]
নিখোঁজের ৬ দিন পর মাটির নিচে মিলল লাশ
ঘটনাস্থলে মানুষের ভিড়- ছবি: ডেইলি বাংলাদেশ
নওগাঁর রাণীনগরে নিখোঁজের ৬ দিন পর ঘরের মেঝেতে মাটির নিচে পুঁতে রাখা হযরত আলী নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে আটক করেছে পুলিশ।
নিহত হয়রত আলী ঐ উপজেলার পূর্ব বালুভরা গ্রামের জমসেদ আলীর ছেলে। বৃহস্পতিবার দুপুরে তার লাশ উদ্ধার করা হয়।
রাণীনগর থানার ওসি শাহিন আকন্দ জানান, পারিবারিক দ্বন্দ্বের জেরে হযরত আলী নিজ বাড়ি ছেড়ে বন্ধু নাহিদের বাড়িতে থাকতেন। গত ৩ জুন তিনি নিখোঁজ হন। তার বাবা জমসেদ আলী বৃহস্পতিবার বেলা ১২টার দিকে থানায় গিয়ে বিষয়টি জানান। পুলিশ তদন্ত করার সময় হয়রতের বন্ধু নাহিদকে আটক করে। পরে তার দেওয়া তথ্যে তারই বাড়ির মেঝেতে মাটির নিচে পুঁতে রাখা অবস্থায় হযরতের লাশ উদ্ধার করা হয়।
তিনি আরো জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য পূর্ব বালুভরা গ্রামের নাহিদ, রবিউল ও শাহিন নামে তিন যুবককে আটক করা হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।
ডেইলি-বাংলাদেশ/এআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!