তাদের পেশা সবাইকে ধনী বানানো, বিক্রি করতেন ‘অলৌকিক ক্ষমতা’
ধাতব মুদ্রা কাছে থাকলে ‘অলৌকিক ক্ষমতা’ আসবে। প্রচুর ধনসম্পত্তি হবে। শুধু তাই নয়, ওই মুদ্রা নদীর ধারে পুঁতে রাখলে ভেসে আসবে প্রচুর স্বর্ণমুদ্রা। এছাড়াও রয়েছে ‘অলৌকিক’ আংটি, যা আঙ্গুলে থাকলে খুব সহজেই হওয়া যাবে ধনী। সফলতায় ভরে উঠবে জীবন।
এমন কথায় আকৃষ্ট হয়ে সাধারণ মানুষেরা কেনেন ধাতব মুদ্রা বা আংটি। তবে ধনী হওয়ার আশায় এগুলো কিনে সবাই হন ক্ষতিগ্রস্ত। মানুষকে বোকা বানিয়ে ওগুলো বিক্রি করাই ওই চক্রের সদস্যদের পেশা। এভাবে তারা হাতিয়ে নিয়েছেন লাখ লাখ টাকা। অবশেষে র্যাবের জালে ধরা পড়লেন তারা।
বগুড়ার শহরের সাতমাথা এলাকা থেকে ওই প্রতারক চক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে র্যাব। তারা ধাতব মুদ্রা ও আংটি দিয়ে প্রতারণা করতেন। ক্রেতাদের বলতেন মুদ্রা ও আংটিতে রয়েছে ‘আলৌকিক ক্ষমতা’। ওগুলো কাছে থাকলে খুব দ্রুত প্রচুর ধনসম্পত্তির মালিক হওয়া যায়।
গ্রেফতারকৃতরা হলেন বগুড়া সদরের সেউজগাড়ী আমতলা এলাকার ৫৮ বছরের কোরবান আলী, নামাজগড় (টিনপট্টি মোড়) এলাকার বাসিন্দা ৪১ বছরের উৎপল দত্ত ও বগুড়ার শিবগঞ্জ উপজেলার চাপাচি গ্রামের ৪৭ বছর বয়সী সাইদুল ইসলাম।
মঙ্গলবার সকালে তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে, সোমবার রাত আটটার দিকে বগুড়া শহরের সাতমাথা এলাকার বিআরটিসি ট্রাক ডিপোর সামনে থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। ওই সময় তাদের কাছ থেকে সাতটি ধাতব মুদ্রা ও দুটি আংটি উদ্ধার করা হয়। এছাড়াও তাদের কাছে থাকা মুঠোফোন ও নগদ টাকা উদ্ধার করা হয়েছে।
এসব নিশ্চিত করে বগুড়া র্যাব-১২ ক্যাম্পের স্কোয়াড কমান্ডার (সহকারী পুলিশ সুপার) মো. নজরুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে প্রতারক চক্রের তিনজনকে গ্রেফতার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদের গ্রেফতারকৃতরা স্বীকার করেন যে, তারা দীর্ঘদিন ধরে ধাতব মূদ্রা ও আংটি দিয়ে জনসাধারণের সঙ্গে প্রতারণা করে আসছেন। একই সঙ্গে তারা হাতিয়ে নিয়েছেন বড় অংকের টাকা। তারা বিভিন্ন অলৌকিক কথা বলে মানুষদের আকৃষ্ট করতেন। তাদের কথা বিশ্বাস করে প্রতারিত হতেন সাধারণ মানুষেরা।
তিনি আরো জানান, ওই তিনজনকে গ্রেফতারের পর বগুড়া সদর থানায় হস্তান্তর করা হয়েছে। র্যাবের এ ধরণের আভিযানিক কার্যক্রম চলমান থাকবে এবং ভবিষ্যতে আরো জোরদার করা হবে।
বগুড়া সদর থানায় ওসি মো. সেলিম রেজা জানান, তিনজনকে ধাতব মুদ্রা ও আংটিসহ গ্রেফতার করে থানায় হস্তান্তর করে র্যাব। তাদের বিরুদ্ধে মামলা হয়েছে এবং আজ সকালে আদালতে পাঠানো হয়েছে।