যমুনায় বালু বোঝাই বলগেট ডুবে দুই শ্রমিক নিখোঁজ
জামালপুরের ইসলামপুর উপজেলায় যমুনা নদীতে অবৈধ বালু বোঝাই বলগেট ডুবির ঘটনা ঘটেছে। বলগেটের ভেতরে থাকা পাঁচ শ্রমিকের মধ্যে তিনজন জীবিত উদ্ধার হলেও দুইজন নিখোঁজ হয়েছেন।
রোববার দুপুরের দিকে ফুলছুড়ির ফুটানি এলাকায় যমুনা নদী থেকে বালু তুলে দেওয়ানগঞ্জের টিনেরচর এলাকায় এ বলগেট ডুবির ঘটনা ঘটে। বালু বোঝাই বলগেটটি ইসলামপুর উপজেলার পার্থশী ইউপির মোরাদাবাদঘাট এলাকায় আসছিল।
নিখোঁজ শ্রমিকরা হলেন উপজেলার পার্থশী ইউপির শশাড়িবাড়ি খান পাড়ার গ্রামের মৃত বাদশা মিয়ার ছেলে হুমায়ুন ও একই গ্রামের মৃত বকুলের ছেলে শাহেব আলী।
জানা গেছে, দীর্ঘদিন থেকে ওই এলাকার আবুল কালাম, শাজাহান, ভিককু, হুমায়ুন ও শাহেব আলী মিলে যমুনা নদী থেকে বালু তুলে বিক্রি করে আসছিল। প্রতিদিনের মতো আজ সকালেও তারা নদী থেকে বলগেট দিয়ে বালু তুলে।
উদ্ধার হওয়া শ্রমিক আবুল কালাম আজাদ বলেন, ফুটানি এলাকা থেকে বালু তুলে ইসলামপুরের শেষ সীমানা টিনেরচর এলাকায় পৌঁছলে বলগেটটি ডুবে যায়। পরে নদী থেকে সাতার দিয়ে আমিসহ শাজাহান ও ভিককু ওপরে উঠে আছি। হুমায়ূন ও শাহেব আলী উঠতে পারেনি।
ইসলামপুর ফায়ার সার্ভিস স্টেশন অফিসার খাইরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, ডুবে যাওয়া বলগেটটি শনাক্ত করা যায়নি। তাই খুঁজতে দেরি হচ্ছে।