চাচাতো ভাইয়ের ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল শিশুর
জামালপুর সরিষাবাড়ীতে চাচাতো ভাইয়ের ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে ৮ বছরের শিশু নিহত হয়েছে। নিহত শিশু আবু সাঈদ উপজেলার ডোয়াইল ইউনিয়নের চরহাটবাড়ী গ্রামের রফিকুল ইসলামের ছেলে।
বিষয়টি নিশ্চিত করে সরিষাবাড়ি থানার এসআই আব্দুল খালেক জানান, নিহতের ঘটনা একই পরিবারের। তাদের এ ব্যাপারে কোনো প্রকার অভিযোগ নেই।
আরো পড়ুন >>> ছয় মোটরসাইকেলসহ চোর চক্রের ৮ সদস্য গ্রেফতার
জানা যায়, রোববার সন্ধ্যায় শিশু আবু সাইদ বাউসী টু কেন্দুয়া প্রধান সড়ক দিয়ে নিজ বাড়িতে যাচ্ছিল। এমন সময় মাটি কাটার কাজে ব্যবহৃত একটি ট্রাক্টর ওই রাস্তা দিয়ে যাওয়ার সময় আবু সাঈদকে সজোরে ধাক্কা দিলে গাড়ির চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই সে মারা যায়। ঘটনার পরপরই চালক পলাতক।
আরো পড়ুন >>> ফিরোজের অপেক্ষায় সমুদ্রের দিকে তাকিয়ে আছে স্বজনেরা
প্রত্যক্ষদর্শীরা জানান, চালক আহাদ আলী নিহত আবু সাঈদের আপন চাচাত ভাই। ঘটনার সময় গাড়িটি বেপরোয়াভাবে চালাচ্ছিল বলে জানান তারা।
সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর রকিবুল হক জানান, বিষয়টি একই পরিবারের মধ্যে হওয়ায় তাদের কোনো প্রকার অভিযোগ নেই। বিনা ময়না তদন্তে লাশের দাফন করতে চায় মর্মে আবেদন করেছে নিহতের পরিবার।