ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

[ দেশজুড়ে ]

সড়কের পাশে স্কুলব্যাগ, খাদে পাওয়া গেল স্কুলছাত্রীর লাশ

সিলেট প্রতিনিধি
প্রকাশিত: ১০:১৮, ২৯ মে ২০২২
সড়কের পাশে স্কুলব্যাগ, খাদে পাওয়া গেল স্কুলছাত্রীর লাশ
ফাইল ছবি

সিলেটের ওসমানীনগর উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের এক পাশে পড়ে ছিল একটি স্কুলব্যাগ। ব্যাগটি সহপাঠীরা দেখে সেটি শনাক্ত করে।

বিষয়টি স্থানীয় বাসিন্দাদের জানালে সড়কের পাশে খাদে ওই স্কুলছাত্রীর লাশ পাওয়া যায়। শনিবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার কাগজপুর সেতুর পাশে খাদ থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।

নিহত বৃষ্টি দাশ উপজেলার গোয়ালাবাজার ইউনিয়নের ভাগলপুর গ্রামের মদন দাশের মেয়ে। সে গোয়ালাবাজারের বেগমপুর শরৎ সুন্দরী উচ্চবিদ্যালয়ে পড়ত। পুলিশ ও নিহতের পরিবারের ধারণা, মহাসড়কে চলাচল করা কোনো গাড়ি বৃষ্টিকে ধাক্কা দিয়ে পালিয়েছে।

পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, বৃষ্টি দাশ সকালে হেঁটে স্কুলে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হয়। সহপাঠীরাও একই পথ দিয়ে স্কুলে যাচ্ছিল। পথে সেতুর পাশে বৃষ্টির স্কুলব্যাগ পড়ে থাকতে দেখে আশপাশে তাকে খুঁজতে থাকে তারা। বিষয়টি স্থানীয় বাসিন্দাদের জানালে তারা খাদের মধ্যে বৃষ্টির লাশ পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার লাশ উদ্ধার করে।

শেরপুর হাইওয়ে থানার ওসি পরিমল চন্দ্র দেব বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ধারণা করা হচ্ছে, মহাসড়কের চলন্ত কোনো গাড়ি ওই স্কুলছাত্রীকে ধাক্কা দিয়ে পালিয়েছে। লাশ উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে অভিযোগ দিলে আইনি ব্যবস্থা নেয়া হবে।

ডেইলি-বাংলাদেশ/আরএম
ট্যাগ: লাশ সিলেট
লিংক সফলভাবে কপি হয়েছে!