ঢাকা,  শুক্রবার   ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

আম কুড়াতে গিয়ে ভাই-বোনের মৃত্যু

বগুড়া প্রতিনিধি
প্রকাশিত: ০৯:০১, ১৮ মে ২০২২
আম কুড়াতে গিয়ে ভাই-বোনের মৃত্যু
ফাইল ছবি

বগুড়ার গাবতলীতে আম কুড়াতে গিয়ে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার দক্ষিণপাড়া ইউনিয়নের তারাবাইশা গ্রামে এ ঘটনা ঘটে।

মৃতরা হলো- তারাবাইশা গ্রামের মেহেদী হাসানের ছয় বছর বয়সী ছেলে মিরাজুল ও মিজানুর রহমানের ছয় বছরের মেয়ে আয়শা খাতুন। তারা সম্পর্কে আপন চাচাতো ভাই-বোন।

স্থানীয়দের বরাত দিয়ে গাবতলী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম জানান, মঙ্গলবার বিকেলে হালকা ঝড়ো বাতাস শুরু হলে বাড়ির পাশে আম কুড়াতে যায় মিরাজ ও আয়শা। সন্ধ্যা হলেও বাড়ি না ফেরায় তাদের খুঁজতে বের হন পরিবারের লোকজন। একপর্যায়ে আমগাছের পাশের পুকুরে শিশু দুটির মরদেহ ভাসতে দেখেন তারা।

ওসি বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পুকুরে পড়ে থাকা আম তুলতে গিয়ে দুই শিশু মারা গেছে বলে ধারণা করা হচ্ছে। মরদেহ দুটি ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমআর
Durga Puja
লিংক সফলভাবে কপি হয়েছে!