অস্ত্র-ককটেলসহ ৬ ডাকাত আটক
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে ডাকাত চক্রের ৬ সদস্যকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। এ সময় তিনটি ককটেল, দুটি চাইনিজ কুড়াল, একটি চাপাতি, দুটি ছোড়া, দুটি লোহার রড, ছয়টি টর্চ লাইট, দুটি লোহার পাইপ এবং একটি মোবাইল উদ্ধার করা হয়েছে।
রোববার রাতে সোনাখালী এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন- সোনারগাঁওয়ের নানাকি মধ্যপাড়া এলাকার আজিজুল ইসলাম, মো. হৃদয়, বন্দরের শারে সরকার চাপাতলী এলাকার সাইফুল ইসলাম, বন্দরের ইটেরপুল এলাকার তালিফ হোসেন, বন্দরের হরিপুর সিঁড়িব্রিজ এলাকার রাজু আহম্মেদ, সোনারগাঁওয়ের নয়াপাড়া এলাকার মো. ফারুক)।
সোমবার দুপুরে সিদ্ধিরগঞ্জে র্যাব-১১ এর সদর দফতরে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।
সংবাদ সম্মেলনে র্যাব-১১ এর উপ-অধিনায়ক হাসান শাহরিয়ার জানান, এ চক্র গত ১ এপ্রিল গভীর রাতে সোনারগাঁও থানাধীন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গাজীপুরের ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের অধ্যাপক মাহবুব আলমের পরিবারকে ধারালো অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি করে।
তিনি আরো জানান, আটককৃতরা পরস্পর যোগসাজশে পূর্বপরিকল্পনা মাফিক ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চলাচলকারী গাড়ি টার্গেট করে ডাকাতি কার্যক্রম চালিয়ে আসছিল। এছাড়া গভীর রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চলাচল করার সময় সোনারগাঁও থানার বিভিন্ন নির্জন রাস্তায় গাছ ফেলে ব্যারিকেড দিয়ে হামলা এবং ধারালো অস্ত্র দেখিয়ে আতঙ্ক সৃষ্টি করে সিএনজি-মোটরসাইকেলে পালিয়ে যেত। তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেয়া হচ্ছে।