ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

টিকটকে তরুণের সঙ্গে পরিচয়ের পর দুই কিশোরী উধাও, অতঃপর...

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০১:৩০, ১৩ মে ২০২২
টিকটকে তরুণের সঙ্গে পরিচয়ের পর দুই কিশোরী উধাও, অতঃপর...
ফাইল ছবি

ঢাকার ব্র্যাক বিশ্ববিদ্যালয় এলাকায় অভিযান চালিয়ে দুই কিশোরীকে উদ্ধার করেছে পুলিশ। এর ছয় ঘণ্টা আগে তারা  মুন্সীগঞ্জের শ্রীনগর থেকে উধাও হয়ে যান।

পুলিশ সূত্রে জানা গেছে, শ্রীনগর উপজেলার ষোলঘর এলাকার স্থানীয় একটি বিদ্যালয়ের নবম শ্রেণির এক ছাত্রীর সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যম টিকটক ও ফেসবুকের মাধ্যমে এক তরুণের পরিচয় হয়। এর এক সপ্তাহের মধ্যে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।

বুধবার ওই তরুণ ঢাকা থেকে ষোলঘরে ওই কিশোরীর সঙ্গে দেখা করতে যান। দেখা ও কথাবার্তা শেষে সন্ধ্যার দিকে ওই তরুণ ওই কিশোরী ও তার এক বান্ধবীকে নিয়ে ঢাকায় চলে আসেন। এদিকে তারা বাড়ি না ফেরায় তাদের অভিভাবকরা বুধবার সন্ধ্যায় শ্রীনগর থানায় একটি সাধারণ ডায়রি করেন।

এরপর শ্রীনগর থানার এসআই মো. আল-আমিনের নেতৃত্বে পুলিশের একটি টীম রাতেই ঢাকার গুলশান এলাকায় অভিযান চালিয়ে দুই কিশোরীকে উদ্ধার করে।

শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, উধাও হওয়ার ছয় ঘণ্টা পরেই পুলিশ ওই কিশোরীদের উদ্ধার করে। আইনি প্রক্রিয়া শেষে তাদেরকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এনকে
লিংক সফলভাবে কপি হয়েছে!