নারায়ণগঞ্জে শ্রমিক হত্যায় ৩ ছিনতাইকারী গ্রেফতার
নারায়ণগঞ্জের ফতুল্লায় পোশাক শ্রমিক জাহিদ হাসান হত্যায় ৩ ছিনতাইকারীকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। সোমবার রাতে ফতুল্লার বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
মঙ্গলবার বিকেলে র্যাব-১১ এর উপ-পরিচালক স্কোয়াড্রন লিডার মুনিরুল আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
নিহত জাহিদ হাসান কুমিল্লার দেবিদ্বার থানার শ্রীপুরের শহিদুল্লাহর ছেলে। তিনি ফতুল্লার গলাচিপার হুমায়ুন কবিরের ভাড়া বাসায় থাকতেন। কাজ করতেন মাসদাইরের শোভন গার্মেন্টেসের প্রিন্ট সেকশনে।
র্যাব জানায়, গত ২৫ এপ্রিল সকাল ৬টার দিকে মাসদাইরে নিজ কর্মস্থলে যাওযার পথে ছুরিকাঘাতে খুন হন জাহিদ হাসান। ঘটনাটি ছায়া তদন্ত করে র্যাব। ঘটনার রাতেই রাকিব, বাবু ও শাকিল নামে তিনজনকে গ্রেফতার করা হয়। তারা একটি সংঘবদ্ধ ছিনতাইকারী চক্রের সক্রিয় সদস্য। দলের মূল হোতা রাকিব ও সাব্বির। তারা নগরীর বিভিন্ন এলাকায় ছিনতাই করে আসছিল। ঈদকে সামনে রেখে এ চক্রটি আরো ভয়ংকর হয়ে উঠেছে। এ চক্রের কবলে পড়েই খুন হন শ্রমিক জাহিদ। হত্যাকান্ডে জড়িত ছিনতাই চক্রের আরেক হোতা সাব্বিরকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।