পাওনা টাকা চাওয়ায় মুদিদোকানিকে ছুরিকাঘাতে হত্যা
খুলনার রূপসায় পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে হৃদয় শেখ নামে এক মুদিদোকানিকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় মিঠু নামের আরেক দোকানি আহত হয়েছেন।
বুধবার সন্ধ্যার পর উপজেলার বাগমারা এলাকায় ওই ঘটনা ঘটে। নিহত যুবক এলাকার হারুন শেখের ছেলে।
রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হোসেন বলেন, ইফতারের পর পাওনা টাকা নিয়ে তর্কবিতর্কে কয়েক যুবক হৃদয় শেখকে ছুরিকাঘাত করেন। পরে হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান। হামলায় জড়িত ব্যক্তিদের চিহ্নিত করা গেছে। তাদের গ্রেফতারে অভিযান চলছে।
জানা গেছে, হৃদয় শেখ ও তার খালাতো ভাই মিঠুর পাশাপাশি দুটি মুদিদোকান। মিঠুর দোকান থেকে স্থানীয় এক যুবক বাকিতে মালামাল নিতেন। পাওনা টাকা চাওয়ায় বুধবার দুপুরে তাদের মধ্যে ঝগড়া হয়। এ ঘটনার জেরে সন্ধ্যায় কয়েক যুবক ওই স্থানে গিয়ে মিঠুকে মারধর করতে থাকেন। এ সময় বাধা দিতে গেলে হৃদয় শেখকে ধারালো ছুরি দিয়ে বুকে আঘাত করা হয়। গুরুতর আহত অবস্থায় হৃদয়কে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
এলাকাবাসী জানান, হামলাকারীরা এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী ও বখাটে।