থানা ভবনে কিশোরের আত্মহত্যার চেষ্টা, ওসির দক্ষতায় বাঁচল প্রাণ
কক্সবাজার সদর মডেল থানা ভবনে উঠে ওয়াসিম নামে এক কিশোর আত্মহত্যার চেষ্টা করেছেন। তবে তাকে উদ্ধার করেছে পুলিশ।
শনিবার বিকেল ৩টা ৪০ মিনিটে এ ঘটনা ঘটে। ওসাইমিম উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের শাহজাহানের ছেলে ও বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির ১০ম শ্রেণির ছাত্র। তবে পরিবারের সঙ্গে শহরের পাহাড়তলী কচ্ছপিয়াপুকুর এলাকায় থাকেন তিনি।
কক্সবাজার সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) সেলিম উদ্দিন জানান, কনস্ট্রাকশনের কাজ করার জন্য থানা ভবনের বাইরে তৈরি করা অস্থায়ী সিঁড়ি বেয়ে হঠাৎ ওই কিশোর তিনতলার সানসেটে ওঠেন। এরপর সেখানে নিজের গায়ে ব্লেড দিয়ে আঘাত করেন। পরে তিনতলার ওই সিঁড়িতে উঠে তাকে আত্মহত্যা না করার জন্য নানাভাবে বোঝানোর চেষ্টা করেন ওসি মুনিরুল গিয়াস। ততক্ষণে নিচে পুলিশ কম্বল ও অন্যান্য জিনিসপত্র বিছিয়ে দেয় যেন লাফ দিলেও প্রাণহানি না ঘটে।
পরে ওসি মুনিরুল গিয়াস ওই কিশোরকে বোঝাতে সক্ষম হলে নিচে নামতে রাজি হন। প্রায় ২০ মিনিটের রুদ্ধশ্বাস চেষ্টার পর তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়। বর্তমানে তিনি সদর হাসপাতালে ভর্তি রয়েছেন।