গৃহবধূকে নৃশংসভাবে হত্যার পর লাশ আগুনে পুড়িয়ে গুমের চেষ্টা
নারায়ণগঞ্জের বন্দরে আনিকা বেগম নামে এক গৃহবধূকে শ্বাসরোধে হত্যার পর লাশ আগুনে পুড়িয়ে গুমের চেষ্টার অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে। অভিযুক্ত স্বামী আশিকউল্লাহ ঘটনার পর থেকে পলাতক রয়েছেন।
বুধবার (১৩ এপ্রিল) সকালে বন্দর থানার শাহী মসজিদ কোর্টপাড়া এলাকা থেকে পুড়ে যাওয়া লাশটি উদ্ধার করেছে পুলিশ। নিহত আনিকা ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ থানার আবুল কালামের মেয়ে ও অটোরিকশাচালক আশিক উল্লাহর স্ত্রী।
পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে পারিবারিক কলহের জেরে আনিকা ও আশিক উল্লাহর মধ্যে বাক-বিতণ্ডা হয়। ঝগড়ার একপর্যায়ে আনিকার গলায় ওড়না পেঁচিয়ে তাকে শ্বাসরোধে হত্যা করেন আশিক। পরে লাশ গুম করার উদ্দেশ্যে বাড়ির পাশে একটি নির্জন স্থানে লাশটি নিয়ে আগুন ধরিয়ে দেন। এ সময় আগুন দেখে স্থানীয়রা সেখানে এগিয়ে গেলে আশিক পালিয়ে যান।
পরে, স্থানীয়রা লাশটি দেখতে পেয়ে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।
বন্দর থানার ওসি দীপক সাহা জানান, অভিযুক্ত আশিক উল্লাহকে গ্রেফতারের জন্য অভিযান চলছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য অভিযুক্তের ছোট ভাইকে আটক করা হয়েছে। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।