ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

[ দেশজুড়ে ]

দুদিন মসজিদে থাকার পর সেতু থেকে নদীতে লাফ প্রকৌশলীর

কুষ্টিয়া প্রতিনিধি
প্রকাশিত: ০০:৫৪, ১৩ এপ্রিল ২০২২
দুদিন মসজিদে থাকার পর সেতু থেকে নদীতে লাফ প্রকৌশলীর
ফাইল ফটো

কুষ্টিয়ার ভেড়ামারায় গঙ্গা-কপোতাক্ষ খালের পানিতে ডুবে মানসিক ভারসাম্যহীন এক প্রকৌশলীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার বেলা আড়াইটার দিকে ক্যানালপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। 

মৃত প্রকৌশলী গোলাম সরোয়ার মিঠন (৩৫) উপজেলার মহারাজপুর গ্রামের রব্বানীর ছেলে। তিনি দুদিন আগে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন।

ভেড়ামারা থানার ওসি (তদন্ত) নান্নু খান বিষয়টি নিশ্চিত করেছেন। 

পুলিশ ও মৃতের স্বজনরা জানান, মিঠন একজন বিএসসি ইঞ্জিনিয়ার ছিলেন। কিছুদিন আগে তার মানসিক ভারসাম্যহীনতা দেখা দেয়। পরে তাকে পাবনা মানসিক হাসপাতালসহ বিভিন্ন স্থানে চিকিৎসা করানো হয়।

লালনশাহ সেতুর নিকট যাত্রী ছাউনী জামে মসজিদের ইমাম আব্দুর রশিদ জানান, গত ২দিন ধরে মিঠন মসজিদে অবস্থান করছিলেন। মঙ্গলবার যোহরের নামাজের পর তিনি জিকে ক্যানালের ১ নম্বর সেতু থেকে লাফ দেন। পরে ক্যানালপাড়া এলাকায় মরদেহ ভেসে উঠলে এলাকাবাসী উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তিনি সাঁতার জানতেন না।

ভেড়ামারা থানার ওসি (তদন্ত) নান্নু খান জানান, আমরা মরদেহ উদ্ধার করেছি। পরবর্তী আইনি ব্যবস্থা নেয়া হচ্ছে। ভেড়ামারা-দৌলতপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ইয়াসির আরাফাত ঘটনাস্থল পরিদর্শন করেন।

ডেইলি-বাংলাদেশ/এমকেএ
লিংক সফলভাবে কপি হয়েছে!