বিলাসবহুল গাড়িতে বিপুল পরিমাণ ফেনসিডিলসহ আটক তিন
কুমিল্লার কোতোয়ালি মডেল থানার আমতলী বিশ্বরোড এলাকা থেকে ৩০০ বোতল ফেনসিডিলসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব। এ সময় মাদক পরিবহনের কাজে ব্যবহৃত একটি বিলাসবহুল প্রাইভেটকার উদ্ধার করা হয়।
র্যাব-১১, সিপিসি-২ এর উপ পরিচালক মেজর মোহাম্মদ সাকিব হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি দল রোববার রাতে ঢাকা-চট্টগ্রাম মাহসড়কের কুমিল্লার কোতোয়ালি মডেল থানার আমতলী বিশ্বরোড এলাকায় অভিযান পরিচালনা করে।
অভিযানে প্রাইভেটকারে করে লুকিয়ে মাদক পরিবহনের সময় ৩০০ বোতল ফেনসিডিলসহ তিনজন মাদক ব্যবসায়ীকে আটক করে র্যাব।
আটকরা হলেন জেলার ব্রাহ্মণপাড়া থানার হরিমঙ্গল গ্রামের মো. রানু মিয়ার ছেলে মো. রাজিব হোসেন, একই থানার দক্ষিণ তেতাভূমি গ্রামের মৃত মো. মফিজ আলীর ছেলে মো. শরীফ মিয়া ও একই জেলার বাঙ্গুরা থানার বাঙ্গুরা গ্রামের মো. ময়নুল ইসলাম জুয়েল।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন যাবৎ আটক প্রাইভেটকারে করে কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে ফেনসিডিলসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল বলে স্বীকার করে।
আটককৃতদের বিরুদ্ধে কোতোয়ালি মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।