টাঙ্গাইলে সড়কে ঝরল স্কুলছাত্রসহ ২ জনের প্রাণ
টাঙ্গাইলের সখীপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় পিকআপচালক রফিকুল ইসলাম রফিক এবং মোটরসাইকেলচালক স্কুলছাত্র কাউসার আহমেদ নিহত হয়েছে।
বুধবার ভোররাতে টঙ্গী থেকে ছেড়ে আসা একটি পিকআপভ্যান সখীপুর সড়কের বোয়ালী পেট্রল পাম্প এলাকায় পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের একটি আম গাছের সঙ্গে ধাক্কা লাগলে ঘটনাস্থলেই পিকআপচালক রফিকুল নিহত হন।
নিহত রফিকুল ইসলাম বরিশাল জেলার আগুলজাইরা উপজেলার রাঙতা গ্রামের ফারুক মিয়ার ছেলে। এ সময় অপর আরোহী সিরাজ মিয়াকে গুরুতর আহত অবস্থায় সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
অপরদিকে, গতকাল মঙ্গলবার রাতে সখীপুর থেকে মোটরসাইকেলে করে স্কুলছাত্র কাউসার আহমেদ তার নিজ বাড়ি উপজেলার কালিয়ান দুয়ানীপাড়া ফেরার পথে কালিয়ান খানাপাড়ায় বিপরীত দিক থেকে আসা মালবাহী ট্রাক চাপা দেয়। এতে সে গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। পরে চিকিৎসাধীন অবস্থায় বুধবার তার মৃত্যু হয়। নিহত স্কুলছাত্র ওই গ্রামের বেলু মিয়ার ছেলে এবং কালিয়ান উচ্চ বিদ্যালয়ের ছাত্র ছিল।
সখীপুর থানার ওসি মো. রেজাউল করিম পৃথক সড়ক দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।