২২ মামলার আসামি যুবদল নেতা জনি কারাগারে
নাশকতা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ১৭ মামলার গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি যুবদল নেতা জনি মোল্লাকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে তাকে বগুড়া জেলা জজ আদালতে নিলে কারাগারে পাঠানোর আদেশ দেওয়া হয়।
এর আগে, সোমবার বিকেলে দিনাজপুরের খানসামা ডাঙ্গাপাড়া গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। প্রায় আট বছর আগে বগুড়া থেকে পালিয়ে দিনাজপুরের ডাঙ্গাপাড়া গ্রামে নিজ শ্বশুরবাড়ি এলাকায় বসবাস শুরু করেন জনি।
জনি বগুড়া সদর উপজেলার মালতিনগর এলাকার টুকু মোল্লার ছেলে। তিনি শহরের ১১ নম্বর ওয়ার্ড যুবদলের সাংগঠনিক সম্পাদক। এ তথ্য নিশ্চিত করেছেন বগুড়া সদর থানার এসআই জাকির আল আহসান।
পুলিশ জানায়, ২০১৪ সাল থেকে পলাতক ছিলেন জনি। তার শ্বশুরবাড়ি এলাকায় গিয়ে জায়গা কিনে বাড়ি নির্মাণ এবং সেখানে পরিবারসহ বসবাস শুরু করেন তিনি। পেশা হিসেবে শুরু করে কাপড়ের ব্যবসা।
এসআই জাকির আল আহসান জানান, তথ্য-প্রযুক্তির সহায়তায় জনির অবস্থান নিশ্চিত হওয়ার পর অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। জনির বিরুদ্ধে মোট কতগুলো মামলা আছে তা এখনো জানা যায়নি। তবে নাশকতা-ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় ২২টি মামলা আছে তার বিরুদ্ধে। এরমধ্যে ১৭ মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছিল।
তিনি আরো জানান, মঙ্গলবার দুপুরে যুবদল নেতা জনিকে বগুড়া জেলা জজ আদালতে নিলে কারাগারে পাঠানোর আদেশ দেওয়া হয়।