বড়শিতে উঠলো ১৭ কেজির কোরাল
কক্সবাজারের টেকনাফের নাফ নদীতে এক জেলের বড়শিতে ১৭ কেজি ওজনের এক কোরাল মাছ ধরা পড়েছে। রোববার দুপুরে উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের কানজরপড়া এলাকার নাফ নদীতে বড়শিতে মাছটি ধরা পড়ে।
জানা যায়, প্রতিদিনের মতো মাছ শিকারে যান মোস্তাক। তিনি একজন জেলে। নাফ নদীতে বড়শি ফেলার কিছু সময়ের মধ্যে ভারী হয়ে ওঠে। এরপর বড়শি নিজের দিকে টানা শুরু করেন। একদম কাছাকাছি চলে আসলে বড়শিতে মাছ ধরার বিষয়টি নিশ্চিত হন তিনি। মাছটি তীরে তুলে কানজরপাড়া বাজারে নিয়ে আসেন মোস্তাক। এতে উৎসুখ জনতার ভীড় লেগে যায়। পরে স্থানীয় ব্যবসায়ী মনু মিয়া ৫০০ টাকা কেজি দরে মাছটি কিনে নেন।
স্থানীয় ইউপি সদস্য মো. শাহজালাল জানান, নাফ নদীতে সচরাচর এত বড় মাছ ধরা পড়ে না। প্রায় সময় ৪ থেকে ৫ কেজি ওজনের মাছ ধরা পড়ে। এত বড় মাছ পেয়ে দরিদ্র জেলের মুখে ফুটেছে বলে জানান ঐ ইউপি সদস্য।
এ বিষয়ে টেকনাফ উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা দেলোয়ার হোসেন জানান, নাফ নদীতে এক জেলের বড়শিতে ১৭ কেজি ওজনের একটি কোরাল মাছ ধরা পড়ার খবর শুনেছি। পরে এক মাছ ক্রেতা ৫০০ টাকা কেজি দরে কিনে নিয়েছেন বলে জানিয়েছেন তিনি।