ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

[ দেশজুড়ে ]

চিরকুটে যা লিখে প্রাণ দিলেন যুবক

নাটোর প্রতিনিধি
প্রকাশিত: ২০:৩৩, ৩ এপ্রিল ২০২২
চিরকুটে যা লিখে প্রাণ দিলেন যুবক
ফাইল ছবি

নাটোরের সিংড়ায় চিরকুট লিখে আলম হোসেন নামে এক যুবকের আত্মহত্যার খবর পাওয়া গেছে। এর জন্য অন্য কেউ দায়ী নয় বলে চিরকুটে উল্লেখ করেছেন ওই যুবক।

এ ঘটনাটি ঘটেছে সিংড়া উপজেলার ইটালি ইউনিয়নের তুলাপাড়া বাঁশবাড়িয়া গ্রামে। সিংড়া থানার ওসি নূর এ আলম সিদ্দিকী এবং ইউপি চেয়ারম্যান আরিফুল ইসলাম আরিফ এ বিষয়টি নিশ্চিত করেছেন।

ইউপি চেয়ারম্যান আরিফুল ইসলাম আরিফ জানান, রোববার সকালে নিজ ঘরে আলমের ঝুলন্ত মরদেহ দেখে পরিবারের লোকজন। খবর পেয়ে পুলিশ দুপুরের দিকে মরদেহটি উদ্ধার করে।

ঘটনাস্থলে থাকা এসআই মোজাম্মেল জানান, ওই ঘরে একটি চিরকুট পাওয়া গেছে। তাতে লেখা রয়েছে, নিহত যুবক কিছুদিন আগে কক্সবাজার বেড়াতে যান। সেখানে তার ২০ হাজার টাকা হারিয়ে যায়। আরও ২০ হাজার টাকা ছিনতাই হয়। এরপর সে মোবাইল ফোনে তার ভাইয়ের কাছ থেকে প্রথমে ১৫০০ এবং পরে ৫০০ টাকা ধার নেন। বাড়ি ফিরে নিজের ফোনটি ১০ হাজার ৫০০ টাকায় বিক্রি করে ঋণ কিছুটা পরিশোধের চিন্তা করলেও ওই টাকাও হারিয়ে যায়। এসব কারণে মানসিক যন্ত্রণা থেকে বাঁচতেই তিনি আত্মহত্যা করেন। তার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়।

এ ব্যাপারে সিংড়া থানার ওসি নূর এ আলম সিদ্দিকী জানান, ওই চিরকুট পরীক্ষা করা হবে। ময়নাতদন্তের জন্য মরদেহটি নাটোর আধুনিক সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট ও ঘটনার তদন্তের পরই হত্যার রহস্য জানা যাবে।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!