ঢাকা,  শনিবার   ২৪ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

৮ মাসে চারবার ভাঙলো বেইলি ব্রিজ

টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশিত: ১৬:৪১, ৩১ মার্চ ২০২২
৮ মাসে চারবার ভাঙলো বেইলি ব্রিজ
টাঙ্গাইল-আরিচা মহাসড়কের নাগরপুর উপজেলার বেইলি ব্রিজ ছবি: ডেইলি বাংলাদেশ

৮ মাসে চারবার ভাঙলো টাঙ্গাইল-আরিচা মহাসড়কের নাগরপুর উপজেলার বেইলি ব্রিজ। দফায় দফায় ব্রিজ ভাঙায় চরম দুর্ভোগ পোহাচ্ছেন এ এলাকার সাধারণ মানুষসহ পরিবহনে সংশ্লিষ্টরা। 

বুধবার সকালে পেঁয়াজ ভর্তি একটি ট্রাক পারাপারের সময় উপজেলার ভাদ্রা ইউনিয়নে টেংরিপাড়া গ্রামে নয়নদী শাখা খালের ওপর বেইলি ব্রিজের পাটাতন ভেঙে যায়। এতে টাঙ্গাইলগামী ট্রাকটি ব্রিজের শুরুতেই আটকে যায়। আটকে যাওয়া ট্রাকটি উদ্ধার করা হলেও বিচ্ছিন্ন রয়েছে যানবাহন চলাচল। এতে স্থবির হয়ে পড়েছে দুই পারের চলাচল। এ নিয়ে গত ৮ মাসে চার বার এই বেইলি ব্রিজটি ভেঙে যাওয়ার ঘটনা ঘটেছে।

জানা যায়, ২০১৩ সালে ধলেশ্বরী সেতু চালু হওয়ার পর এই সড়ক ব্যবহার বেড়ে গেছে কয়েকগুন। ফলে টাঙ্গাইল থেকে আরিচা ও পাটুরিয়াঘাট যেতে ফেরি পারাপারের জন্য বেইলি ব্রিজ নির্মাণ করে টাঙ্গাইল সড়ক ও জনপথ বিভাগ। প্রতিদিন কয়েকশ’ ছোট-বড় যানবাহন এই ব্রিজের ওপর দিয়ে টাঙ্গাইল-আরিচা-পাটুরিয়া এলাকায় চলাচল করছে। 

বেইলি ব্রিজের অবস্থা নাজুক হওয়ায় স্বত্ত্বেও ঝুঁকি নিয়ে গুরুত্বপূর্ণ এ সড়কে প্রতিদিনই বিপুল সংখ্যক যানবাহন চলাচল করছে। এর ফলে ব্রিজটির স্টিলের পাটাতন ক্ষয়ে গেছে। এ কারণে মোটরসাইকেলসহ হালকা যানবাহন প্রায়ই চাকা পেছলে দুর্ঘটনার শিকার হচ্ছে। ভারী যানবাহন উঠলে রীতিমতো কেঁপে ওঠে ব্রিজটি। 

এছাড়া ব্রিজ দিয়ে ভারি যানবাহন চলাচল নিষেধ থাকলেও উপেক্ষা করে প্রতিদিন কয়েকশ’ ভারি যান চলাচল করছে। তবে এ ব্যাপারে এখনও কোনো পদক্ষেপ নেয়া হয়নি।

স্থানীয়রা জানান, গত বছরের (২৩ আগস্ট) প্রথম বালু ভর্তি ট্রাক পারাপারের সময় পাটাতন ভেঙে ব্রিজের মাঝখানেই আটকে যায়। এরপর দ্বিতীয়বার (১৭ সেপ্টেম্বর) ব্রিজের অন্য স্থানে আবারও দুর্ঘটনা ঘটে। চলতি বছরের (৮ মার্চ) একই স্থানে আবারো দুর্ঘটনা ঘটে। সংস্কারের দুইদিন পর আবার (১০ মার্চ) তৃতীয় বারের মতো ভেঙে যায়। সর্বশেষ আজ (৩০ মার্চ) বুধবার ব্রিজের অন্য স্থানে পেঁয়াজ ভর্তি ট্রাক উঠতেই ব্রিজের পাটাতন ভেঙে গেছে। বিভিন্ন স্থানে ভাঙা থাকার কারণে গত কয়েক বছরে ঘটে যাওয়া ছোট-বড় দুর্ঘটনায় এ পর্যন্ত কয়েকশ’ মানুষ আহত হয়েছেন। অনেকেই পঙ্গুত্ব বরণ করছেন। এখন ব্রিজ দ্রুত মেরামত না করলে দু’পারের কয়েক হাজার মানুষের জীবন যাত্রা স্থবির হয়ে যাবে।

উপজেলার ভাদ্রা ইউপি চেয়ারম্যান শওকত আলী বলেন, এই অঞ্চলের লক্ষাধিক মানুষের চলাচলের একমাত্র মাধ্যম এই ব্রিজ। তবে দুঃখের বিষয় গত আট মাসেই চারবার ভেঙেছে ব্রিজটি। চলতি মার্চ মাসেই দুই বার রিপিয়ারিং করা হয়েছে। কিন্তু কাজের মান ভালো না হওয়ায় আবারও বেইলি ব্রিজ ভেঙে দুর্ঘটনা ঘটে। ব্রিজের ওপর দিয়ে ৮ টনের বেশি মালামাল বোঝাই ট্রাক চলাচল বন্ধ করতে না পারলে বারবারই এ রকম দুর্ঘটনা ঘটবে। 

নাগরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওহিদুজ্জামান মিলন জানান, সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলীর সঙ্গে কথা বলে মেরামতের বিষয়টি নিশ্চিত হয়েছি। সাময়িকভাবে মানুষ চলাচলের উপযোগী করার জন্য দ্রুত ব্যবস্থা নেয়া হচ্ছে।

এ বিষয়ে টাঙ্গাইল সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী আলিউল হোসেন জানান, ব্রিজের ওপর দিয়ে অতিরিক্ত মালামাল বোঝাই ট্রাক চলাচলের কারণে প্রতিবার ক্ষতিগ্রস্ত হচ্ছে ব্রিজটি। দ্রুত স্থায়ী সমাধানের চেষ্টা চলছে। মেকানিকদের সঙ্গে যোগাযোগ হয়েছে। ক্ষতিগ্রস্ত বেইলি ব্রিজটি অতিদ্রুত মেরামত করা হবে।

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: টাঙ্গাইল
Durga Puja
লিংক সফলভাবে কপি হয়েছে!