ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

সেন্টমার্টিনে পরিবেশবাদীদের বাধার মুখে বন্ধ কুকুর পুনর্বাসন

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশিত: ১৮:০৮, ৩০ মার্চ ২০২২
সেন্টমার্টিনে পরিবেশবাদীদের বাধার মুখে বন্ধ কুকুর পুনর্বাসন
সেন্টমার্টিন থেকে বেওয়ারিশ কুকুর পুনর্বাসন প্রক্রিয়াটি বন্ধ করে দিয়েছে উপজেলা প্রশাসন। ছবি: ডেইলি বাংলাদেশ

পরিবেশবাদী সংগঠনের বাধার মুখে কক্সবাজারের টেকনাফ উপজেলার সেন্টমার্টিন থেকে বেওয়ারিশ কুকুর পুনর্বাসন প্রক্রিয়াটি বন্ধ করে দিয়েছে উপজেলা প্রশাসন।

এর আগে গত রোববার বিকেল চারটার দিকে সেন্টমার্টিন জেটিঘাট এলাকা দিয়ে বেওয়ারিশ কুকুর পুনর্বাসন প্রক্রিয়া শুরু হয়েছিল । 

জানা যায়, শুরুর প্রথম দিনে জাল ও ফাঁদ পেতে ৩৬ টি কুকুর আটক করা হয়। এসব কুকুরকে লোহার খাঁচায় বন্দী করে টেকনাফে এনে বিভিন্ন স্থানে পুনর্বাসন করার কথা ছিল। প্রতিবাদের মুখে এই ৩৬টি কুকুরকে গত মঙ্গলবার ছেড়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন টেকনাফের ইউএনও পারভেজ চৌধুরী।

সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদ সূত্রে জানা যায়, সমুদ্র সৈকতজুড়ে বেওয়ারিশ কুকুরের অবাধ বিচরণের কারণে টেকনাফ উপজেলার সেন্টমার্টিনে ভ্রমণে আসা পর্যটকেরা প্রায় সময় আতঙ্ক থাকেন। এ ছাড়া সৈকতের বালুচরে ডিম ছাড়তে আসা মা কচ্ছপ কুকুরের আক্রমণের শিকার হয়ে মারা যাচ্ছিল। এ জন্য কুকুর পুনর্বাসনের সিদ্ধান্ত নেওয়া হয়।

পিপল ফর ই পেপার অ্যানিমেল ওয়েলফেয়ার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান স্থপতি রাকিবুল হক বলেন, প্রাণিকল্যাণ আইন ২০১৯ -এর ৭ নম্বর ধারা অনুযায়ী কোনো মালিকবিহীন প্রাণী হত্যা বা অপসারণ করা আইনত দণ্ডনীয় অপরাধ, সেহেতু রাষ্ট্রের কোনো নাগরিক তো বটেই, সরকারের প্রশাসনও কুকুর নিধন বা অপসারণ করতে পারবে না। 

এ প্রসঙ্গে কক্সবাজারের জেলা প্রশাসক মামুনুর রশীদ বলেন, বেওয়ারিশ কুকুর নিধনের বিষয়ে উচ্চ আদালতের পরিবেশবাদী সংগঠনের করা একটি রিট রয়েছে। এখন কুকুরগুলোকে পুনর্বাসন করার উদ্যোগ নেয়া হলে নতুন করে পরিবেশবাদীরা বাধা দেন। এ কারণে উদ্যোগটি আপাতত বন্ধ করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: কক্সবাজার
লিংক সফলভাবে কপি হয়েছে!