সিগারেটে সুখটান ৫ বন্ধুর, পুড়ল পিকনিকের বাস
বাসের পেছনে বসে পাঁচ বন্ধু মিলে সিগারেট টানছিলেন। করছিলেন হাসিঠাট্টাও। এর মধ্যেই সিগারেটের ফুলকি পড়ে সাউন্ড বক্সের ব্যাটারির ওপর। আর ফুলকি থেকেই লেগে যায় আগুন। মুহূর্তেই আগুন ছড়িয়ে একে একে বাসের সব সিট জ্বলতে থাকে। বামে থাকা শিক্ষার্থীরা নেমে গেলেও পুড়ে যায় গোটা বাস।
ঘটনাটি নাটোরের বড়াইগ্রামের। সোমবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার তরমুজ তেলপাম্পের সামনে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কে এ ঘটনা ঘটে। পরে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন ফায়ার সার্ভিসের কর্মীরা।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের গুরুদাসপুরের স্টেশন কর্মকর্তা শহিদুল ইসলাম জানান, গাজীপুরের কালিয়াকৈর এলাকার রাজু ক্যাডেট একাডেমি থেকে ৪৯ শিক্ষার্থী নিয়ে বিসমিল্লাহ পরিবহনের দুটি বাস নাটোরের লালপুরে গ্রিন ভ্যালি পার্কে পিকনিকে আসে। ফেরার পথে তরমুজ পাম্প এলাকায় হঠাৎ একটি বাসে আগুন লেগে যায়। এরপর বাসটি সড়ক থেকে পাম্পে ঢোকান চালক। এ সময় সব যাত্রী নিরাপদে নেমে যান। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নেভান।
বাসে থাকা ছাত্র আরাফাত, রণি, রাজন বলেন, পেছনে বন্ধুরা ধূমপান করতে গিয়ে ব্যাটারির ওপর আগুন ফেলেন। কপাল ভালো সবাই নিরাপদে নামতে পেরেছি।
সাউন্ড সিস্টেম অপারেটর আতিকুর রহমান তুহিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। এ বিষয়ে রাজুক ক্যাডেট একাডেমির সংশ্লিষ্টরা কথা বলতে রাজি হননি।