মরিচের গুঁড়া লাগিয়ে গৃহবধূকে পেটালেন স্বামী-শাশুড়ি
লক্ষ্মীপুরে দুই সন্তানের জননী নুপুর আক্তার নামে এক গৃহবধূর চোখে-মুখে মরিচের গুঁড়া লাগিয়ে মারধর ও নির্যাতনের অভিযোগ উঠেছে তার স্বামী সুজন ও শাশুড়ি শুকরি বেগমের বিরুদ্ধে।
বৃহস্পতিবার রাত ৯টার দিকে সদর উপজেলার রাজীবপুর গ্রামের বশির উল্লাহর বাড়িতে এ ঘটনা ঘটে।
এর আগে রাত ৮টা দিকে নুপুরের সঙ্গে তার শাশুড়ি শুকুরি বেগমের বাকবিতণ্ডার একপর্যায়ে পুত্রবধূ নুপুরের চোখে-মুখে ও মাথায় মরিচের গুঁড়া লাগিয়ে মারধর করেন। কিছুক্ষণ পর স্বামী সুজন বাড়িতে এসে তার স্ত্রীর কথা না শুনে উল্টো নুপুরকে মারধর করেন। খবর পেয়ে গৃহবধূর ভাই জহির ও ইসমাইল তাদের বোনকে উদ্ধার করেন। এ সময় স্থানীয়রা ৯৯৯ কল দিলে সদর থানা পুলিশ গিয়ে গৃহবধূকে চিকিৎসার জন্য সদর হাসপাতালে পাঠায়। রাতেই তাকে হাসাপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। নুপুর তার দুই সন্তানসহ বাবার বাড়িতে আছে।
পুলিশ জানায়, ৭ বছর আগে সদর উপজেলার রাজীবপুর গ্রামের বেলাল হোসেনের ছেলে অটোরিকশা চালক মো. সুজনের সঙ্গে একই উপজেলার লাহারকান্দি ইউনিয়নের আবিরনগর গ্রামের ইদ্রিস মিয়ার ছোট মেয়ে নুপুর আক্তারের বিয়ে হয়। বিয়ের পর থেকে কারণে-অকারণে গৃহবধূকে মারধর করেন তার স্বামী ও শাশুড়ি।
সদর থানার ওসি মো. জসীম উদ্দীন বলেন, খবর পেয়ে পুলিশ পাঠিয়ে গৃহবধূকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাটির ব্যাপারে আমরা অবগত আছি। তবে লিখিত অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।