ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

[ দেশজুড়ে ]

ঘুমন্ত অবস্থায় বিকল ট্রাকে ধাক্কা, মুহূর্তেই ঝরল চালক-হেলপারের প্রাণ

মেহেরপুর প্রতিনিধি
প্রকাশিত: ১০:০৫, ২৪ মার্চ ২০২২
ঘুমন্ত অবস্থায় বিকল ট্রাকে ধাক্কা, মুহূর্তেই ঝরল চালক-হেলপারের প্রাণ
ছবি: ডেইলি বাংলাদেশ

মেহেরপুর-চুয়াডাঙ্গা সড়কের পুরাতন দরবেশপুর এলাকায় বিকল সিমেন্টের ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে একটি চলন্ত ট্রাকের চালক ও হেলপার নিহত হয়েছেন। তবে নিহতদের নাম ঠিকানা পাওয়া যায়নি।

বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টার দিকে মেহেরপুর সদর উপজেলার পুরাতন দরবেশপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানিয়েছে, সিমেন্টবোঝায় একটি ট্রাকের চাকার বিয়ারং ভেঙে বিকল হয়ে রাত থেকে রাস্তার পাশেই পড়ে ছিল। সকাল সাড়ে ৬টার দিকে চুয়াডাঙ্গা থেকে আসা একটি দ্রুতগামী ট্রাক বিকল ট্রাকটিকে ধাক্কা দেয়। এতে সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। এ সময় ট্রাকের ভেতরে থাকা গাড়ির চালক ও হেলপার আটকা পড়ে ঘটনাস্থলেই মারা যান। তারা জানান, সম্ভবত ট্রাকচালক ঘুমন্ত অবস্থায় গাড়ি চালাচ্ছিলেন। গাড়িটির গতিও ছিলো বেপরোয়া।

স্থানীয় বারাদী পুলিশ ক্যাম্পের টুআইসি এএসআই শাখাওয়াত হোসেন জানান, মেহেরপুর ফায়ার সার্ভিসের একটি টিম তাদের উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক তাদের দুজনকে মৃত ঘোষণা করেন।

তিনি আরো জানান, দুর্ঘটনাকবলিত ট্রাকটি উদ্ধারের প্রক্রিয়া চলছে। ট্রাকের মালিকের বাড়ি ঢাকার সাভারের হেমায়েতপুর এলাকায় বলে প্রাথমিকভাবে জানা গেছে। নিহতদের মরদেহ এখন মেহেরপুর জেনারেল হাসপাতাল মর্গে রয়েছে। তবে তাদের নাম-ঠিকানা এখনও পাওয়া যায়নি। 

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!