পোশাক শ্রমিককে রাতভর আটকে রেখে ধর্ষণ, গ্রেফতার ৩
নারায়ণগঞ্জের ফতুল্লায় গার্মেন্টস কর্মীকে রাতভর আটকে রেখে তাকে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন- সিরাজগঞ্জ জেলার শাহাজাদপুর থানার হাটপাচিলের মৃত আয়নালের পুত্র আলমগীর হোসেন ওরফে জনি, ফতুল্লা থানার ইসদাইর (গাবতলীর) দোহার ভিলার আলমাছ ঢালীর পুত্র মাহফুজুর রহমান ওরফে মুন্না, আড়াই হাজার থানার পাঁচ আনির মো. আব্দুল হাইয়ের পুত্র মো. আব্দুল গাফফার।
পুলিশ জানায়, আলমগীর ও পোশাক শ্রমিক মাসদাইরস্থ একটি গার্মেন্টসে কর্মরত ছিলেন। সেখানে চাকরি করাকালীন সময়ে আলমগীর গার্মেন্টস কর্মীকে কুপ্রস্তাব দেন। এতে তিনি অসম্মতি জানিয়ে বিষয়টি কর্তৃপক্ষকে জানালে আলমগীরকে চাকরিচ্যুত করে। পরে তিনি অন্যত্র চাকরি নেন। গত রোববার (২০ মার্চ) রাত ৮টার দিকে ওই পোশাক শ্রমিক নিজ কর্মস্থল থেকে বের হলে আলমগীরের সঙ্গে তার দেখা হয়।
পরে কৌশলে তাকে একটি অটোরিকশায় করে বক্তবলী চর রাজাপুরস্থ শুক্কুর আলীর হাঁস-মুরগির খামারে নিয়ে যান। সেখানে আলমগীর তাকে দুই দফায় ধর্ষণ করেন। পরে তার সহযোগী মুন্না ও গাফফার রাতভর আটকে রেখে একাধিকবার ধর্ষণ করেন। এতে তিনি অসুস্থ হয়ে পড়লে সকাল ৮টার দিকে খামার থেকে বের করে একটি অটোরিকশায় তুলে দেন। এ সময় অভিযুক্তরা ওই নারীর মোবাইলটিও রেখে দেন।
ফতুল্লা মডেল ওসি রকিবুজ্জামান জানান, এ ঘটনার প্রেক্ষিতে মামলা হয়েছে। অভিযুক্ত তিন ধর্ষককে গ্রেফতার করা হয়েছে। ওই নারীর স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন হয়েছে। গ্রেফতারদেরকে আদালতে পাঠানো হয়েছে।