ঢাকা,  শনিবার   ২৪ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

এবার শিক্ষকের লাশ উদ্ধার, মৃত বেড়ে ৮

শীতলক্ষ্যায় লঞ্চডুবি
নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৬:০৭, ২১ মার্চ ২০২২
এবার শিক্ষকের লাশ উদ্ধার, মৃত বেড়ে ৮
শীতলক্ষ্যা নদীতে লঞ্চডুবির ঘটনায় এখন পর্যন্ত ৮ জনের লাশ উদ্ধার। ছবি: ডেইলি বাংলাদেশ

নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীতে লঞ্চডুবির ঘটনায় নিখোঁজ এক স্কুলশিক্ষকের লাশ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে মৃত বেড়ে ৮ জন হলো।

সোমবার দুপুর সোয়া ১টার দিকে লঞ্চডুবির ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে স্থানীয়রা। পরে লাশ ফায়ার সার্ভিসের কাছে হস্তান্তর করা হয়।

নিহত উম্মে খায়রুন ফাতেমা নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার বৈদ্যের বাজার হারিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফীন জানান, স্থানীয়রা এক নারীর লাশ উদ্ধার করে ফায়ার সার্ভিসের কাছে হস্তান্তর করেছে। পরে নিহতের স্বজনরা লাশ শনাক্ত করেছে। এ নিয়ে লঞ্চডুবির ঘটনায় ৮ জনের লাশ উদ্ধার করা হয়েছে। এখন উদ্ধার অভিযান চলছে।

এর আগে, সোমবার ভোর সাড়ে ৫টার দিকে ডুবে যাওয়া লঞ্চ এমভি আশরাফ উদ্দিন নদীর ‘৫৫ হাত’ নিচ থেকে উদ্ধার করেছে উদ্ধারকারী জাহাজ প্রত্যয়।

নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মঞ্জুরুল হাফিজ জানান, লঞ্চডুবির ঘটনায় প্রতিটি লাশের সঙ্গে প্রাথমিকভাবে ২৫ হাজার টাকা করে অনুদান দেওয়া হচ্ছে। এছাড়া জেলা প্রশাসনের পক্ষ থেকে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। উদ্ধার কাজ শেষ হলে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।

রোববার দুপুরে নারায়ণগঞ্জে শীতলক্ষ্যা নদীতে একটি কার্গো জাহাজের ধাক্কায় ডুবে যায় মুন্সীগঞ্জগামী লঞ্চ এমভি আশরাফ উদ্দিন। প্রায় ৭০ জন যাত্রী নিয়ে নারায়ণগঞ্জ কেন্দ্রীয় লঞ্চ টার্মিনাল থেকে ছেড়ে যায় লঞ্চটি। কার্গো জাহাজের ধাক্কায় ডুবে যাওয়ার সময় ১৫-২০ জন যাত্রী সাঁতারে তীরে উঠে আসে।

ডেইলি-বাংলাদেশ/এআর
Durga Puja
লিংক সফলভাবে কপি হয়েছে!