জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের এক সদস্য আটক
চট্টগ্রামের হাটহাজারীতে অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের এক সদস্যকে আটক করেছে র্যাব। তার কাছ থেকে উগ্রবাদ বিষয়ক একাধিক পুস্তিকা ও লিফলেট উদ্ধার করা হয়েছে।
শনিবার সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেছেন র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) নুরুল আবছার। এর আগে, শুক্রবার বিকেলে তাকে আটক করা হয়।
আটক মো. ওমর ফারুক ওই উপজেলার তৈয়াবিয়া পাড়া এলাকার মো. জানে আলমের ছেলে।
র্যাব জানায়, কিছুদিন ধরে হাটহাজারীর বিভিন্ন এলাকায় সক্রিয়ভাবে কার্যক্রম চালিয়ে আসছে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠনের বেশ কয়েকটি গ্রুপ- এমন সংবাদে এসব এলাকায় গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়। এরই ধারাবাহিকতায় শুক্রবার বিকেলে অভিযান চালিয়ে ওমর ফারুককে আটক করা হয়। তার কাছ থেকে উগ্রবাদ বিষয়ক ১০টি পুস্তিকা ও ৫৩টি লিফলেট উদ্ধার করা হয়।
সিনিয়র সহকারী পরিচালক নুরুল আবছার বলেন, আটকের পর জিজ্ঞাসাবাদে ওমর ফারুক জানান- আনসার আল ইসলামের অধ্যাত্মিক নেতা জসিম উদ্দিন রহমানি ও তামিম আল আদনানীর বয়ান শোনার পাশাপাশি ইন্টারনেট থেকে বিভিন্ন তথ্য উপাত্ত সংগ্রহ করে, বিভিন্ন ইউটিউব চ্যানেল দেখে এবং উগ্রপন্থী বিভিন্ন বই পড়ে তিনি জঙ্গিবাদে উদ্বুদ্ধ হন। একপর্যায়ে সংগঠনটির একজন সক্রিয় সদস্য হয়ে কথিত উগ্রপন্থী কার্যক্রমে নিজেকে সমর্পণ করেন।
র্যাবের এ কর্মকর্তা আরো বলেন, সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে বিভিন্ন মোটিভেশনাল ভিডিও, উগ্রবাদী ও সরকারবিরোধী কথাবার্তা ছড়িয়ে সংগঠনের প্রচারণা চালাতেন ওমর ফারুক। একাধিক ফেসবুক আইডি ব্যবহার করে সমমনা লোকজনদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখেও এসব প্রচার-প্রচারণা চালাতেন। পরবর্তী আইনি ব্যবস্থা নিতে তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।