নেচে ভাইরাল হওয়া সেই ব্যাংক কর্মকর্তা কুকুরের কামড়ে আহত
ফরিদপুরের নগরকান্দায় নেচে ভাইরাল হওয়া সেই ব্যাংক কর্মকর্তা নলিনী রঞ্জন বিশ্বাসসহ পাঁচজন কুকুরের কামড়ে আহত হয়েছেন। মঙ্গলবার সকালে পৌর শহরের নগরকান্দা বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
ব্যাংক কর্মকর্তা ছাড়াও আহত চারজন হলেন- নগরকান্দা বাজারের ব্যবসায়ী গোলাম মোস্তফা মিয়া, মধ্যচরদিয়া গ্রামের সিনথিয়া, নূর ইসলাম ও মিরাকান্দা গ্রামের টিটুল।
ব্যাংক কর্মকর্তা নলিনী রঞ্জন বিশ্বাস বলেন, সকালে বাড়ির বাইরে হাঁটতে বের হই। নগরকান্দা বাজারে পৌঁছালে একটি কুকুর এসে আমাকে কামড় দেয়। এরপর আরো চারজনকে কামড় দেয় কুকুরটি।
আহত গোলাম মোস্তফা বলেন, নগরকান্দা পৌর শহরের ৭ নম্বর ওয়ার্ড এলাকায় কুকুরের উপদ্রব বেড়ে গেছে। এর মধ্যে নগরকান্দা সদর বাজার, থানা, স্কুল, ব্যাংক, প্রেস ক্লাব, উপজেলা পরিষদ ভবনসহ গুরুত্বপূর্ণ আবাসিক ভবনে গেলেই মানুষকে কামড় দেয় কুকুর। এতে ভয়ে অনেক শিক্ষার্থী কিংবা এলাকাবাসী বের হতে ভয় পান।
নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. ইফতেখার আজাদ বলেন, কুকুরের ভ্যাকসিন হাসপাতালে নেই। বাইর থেকে কিনতে হয়। স্বাস্থ্য কমপ্লেক্স থেকে আহতদের চিকিৎসা দেওয়া হয়েছে।
নলিনী রঞ্জন বিশ্বাস নগরকান্দা সোনালী ব্যাংকের অবসরপ্রাপ্ত কর্মকর্তা। ৯ মার্চ দুপুরে অডিটের কাজে ব্যাংকে গিয়ে ভারতীয় গানের সঙ্গে নেচে সবাইকে বিনোদন দেন এ ব্যাংক কর্মকর্তা। এ ভিডিও ছড়িয়ে পড়লে মুহূর্তে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়।