ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

[ দেশজুড়ে ]

কবুতরের ফার্মে ৫ হাজার লিটার সয়াবিন তেল

ঝিনাইদহ প্রতিনিধি
প্রকাশিত: ২০:০৫, ১১ মার্চ ২০২২
কবুতরের ফার্মে ৫ হাজার লিটার সয়াবিন তেল
কবুতরের ফার্মে অভিযান চালিয়ে এ জরিমানা করেন সহকারী কমিশনার (ভূমি) সেলিম আহমেদ

ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে কবুতরের ফার্মে সয়াবিন তেল মজুত করায় দুই ব্যবসায়ীকে ৯৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে উদ্ধার করা হয়েছে পাঁচ হাজার লিটার সয়াবিন তেল।

বৃহস্পতিবার রাতে উপজেলার তাহেরহুদা ইউনিয়নের রামনগর বটতলা বাজারে জিন্দার স্টোর ও বিধান স্টোরের কবুতরের ফার্মে অভিযান চালিয়ে এ জরিমানা করেন সহকারী কমিশনার (ভূমি) সেলিম আহমেদ।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে রামনগর বটতলা বাজারে জিন্দার স্টোর ও বিধান স্টোরের কবুতরের ফার্মে অভিযান চালানো হয়। এ সময় একাধিক ড্রামে অবৈধভাবে সয়াবিন তেল মজুত করে বাজারে কৃত্রিম সংকট সৃষ্টির দায়ে জিন্দার আলীকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। তিনি রামনগর বটতলা গ্রামের মন্টু মণ্ডলের ছেলে।

এছাড়া একই অপরাধে জোড়াদহ গ্রামের স্বরজীৎ শাহের ছেলে বিধান শাহকে ৪৫ হাজার টাকা জরিমানা করা হয়। পরে দুজনই জরিমানা আদায় করেন।

সেলিম আহমেদ আরো জানান, কিছু অসাধু ব্যবসায়ী সিন্ডিকেট করে ভোজ্যতেলের বাজার অস্থিতিশীল করার চেষ্টা করছেন। হরিণাকুণ্ডু কয়েকজন ব্যবসায়ীর বিরুদ্ধে আগে থেকেই সুনির্দিষ্ট অভিযোগও ছিল। অভিযান চালানোর সময় আরো বেশকিছু দোকানি পালিয়ে গেছেন।

জানা গেছে, বিধান স্টোরের সামনেই সাপ্তাহিক কবুতরের হাট বসে। সেখানেই ঝুড়িতে করে কবুতর রাখা হয়।

ডেইলি-বাংলাদেশ/এমআর
লিংক সফলভাবে কপি হয়েছে!