অজ্ঞান পার্টির কবলে পড়ে প্রাণ গেল শিক্ষকের
অজ্ঞান পার্টির কবলে পড়ে এস এম নাজমুল ইসলাম নামে এক কলেজ শিক্ষক মারা গেছেন। সোমবার সকাল সাড়ে ১০টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
মৃত এস এম নাজমুল ইসলাম চুকনগর ডিগ্রি কলেজের সমাজবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক।
চুকনগর ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. মনিরুল ইসলাম ব্রাউন জানান, রোববার দুপুরে কলেজের ক্লাস শেষ করে আল আরাফাহ ইসলামী ব্যাংকের চুকনগর শাখায় যান সহকারী অধ্যাপক নাজমুল। সেখানে ৭০ হাজার টাকা তুলে চুকনগর বাজার থেকে বাসে ওঠেন। পথেই অজ্ঞান পার্টির কবলে পড়েন তিনি। অজ্ঞান পার্টির সদস্যরা তাকে চেতনানাশক ওষুধ দিয়ে অজ্ঞান করে টাকা নিয়ে যায়।
আরো জানা গেছে, ৩টার দিকে বাস খুলনায় পৌঁছালে বাসের লোকজন সহকারী অধ্যাপক নাজমুলকে অজ্ঞান অবস্থায় সিটের উপর পড়ে থাকতে দেখে। পরে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকাল সাড়ে ১০টার দিকে তিনি মারা যান।
এদিকে সহকারী অধ্যাপক নাজমুল ইসলামের মৃত্যুতে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন চুকনগর ডিগ্রি কলেজের শিক্ষক- কর্মচারীরা।