ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

[ দেশজুড়ে ]

‘ভন্ড দয়াল বাবা’ সেজে ১৬ বছর পালিয়েও হলো না শেষ রক্ষা

নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৩:২৪, ৩ মার্চ ২০২২
‘ভন্ড দয়াল বাবা’ সেজে ১৬ বছর পালিয়েও হলো না শেষ রক্ষা
গ্রেফতার নিজাম উদ্দিন

মামলার রায়ের ১৬ বছর পর নিজাম উদ্দিন নামে তিন বছরের এক সাজাপ্রাপ্ত পলাতক আসামিকে গ্রেফতার করেছে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ। গ্রেফতারকৃত নিজাম উদ্দিন নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের গোদনাইল এলাকার আবুল কালামের ছেলে।

বুধবার (২ মার্চ) দিবাগত রাত ২টার দিকে চুয়াডাঙ্গার আলমডাঙ্গার পোলবাসুনদো গ্রাম থেকে সিদ্ধিরগঞ্জ থানায় এসআই নুরে আলমের নেতৃত্বে পুলিশের একটি টিম তাকে গ্রেফতার করে।

পুলিশ সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত আসামি নারায়ণগঞ্জের বন্দর থানার ১৯৯৭ সালের একটি মামলায় অভিযুক্ত হন এবং পরবর্তীতে ২০০৬ সালে আদালত আসামিকে তিন বছর সশ্রম কারাদণ্ড প্রদান করেন। সাজা হওয়ার পর থেকে তিনি ছদ্মবেশ ধারণ করে নিজেকে ‘ভন্ড পাগল দয়াল বাবা’ পরিচয় প্রকাশ করে  সিদ্ধিরগঞ্জ থানা এলাকা ছেড়ে দেশের বিভিন্ন স্থানে অবস্থান করেন এবং নিজেকে আধ্যাত্বিক চিকিৎসক পরিচয় দেন। তিনি এতোদিন কবিরাজি, তন্ত্র মন্ত্র ও আধ্যাত্বিক চিকিৎসা প্রদান করে আসছিলেন। তার শ্বশুরবাড়ি চুয়াডাঙ্গার আলমডাঙ্গার পোলবাসুনদো গ্রামে তিনি ‘ভন্ড পাগল দয়াল বাবা’ পরিচয়ে ব্যাপক পরিচিত হয়ে উঠেন।

আরো পড়ুন: মসজিদের মাইকে ডাকাতির ঘোষণা, গণপিটুনিতে ২ ডাকাত নিহত

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ওসি মশিউর রহমান (পিপিএম বার) জানান, গ্রেফতারকৃত নিজাম উদ্দিনকে গ্রেফতারের জন্য বিভিন্ন সময়ে খোঁজ নিয়েও তার অবস্থান জানা সম্ভব হচ্ছিল না। পরবর্তীতে গোপন তথ্যের ভিত্তিতে সিদ্ধিরগঞ্জ থানার এসআই নুরে আলমের নেতৃত্বে পুলিশের একটি টিম চুয়াডাঙ্গা থেকে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়। তার বিরুদ্ধে পরবর্তীতে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!