মাদরাসার টয়লেট থেকে নতুন বই উদ্ধার
নওগাঁর মহাদেবপুর উপজেলার একটি মাদরাসার টয়লেট থেকে ২০২২ শিক্ষাবর্ষের প্রথম শ্রেণি থেকে নবম শ্রেণির ১০৬ সেট নতুন বই উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (১ মার্চ) বিকেলে গোপন তথ্যের ভিত্তিতে উপজেলা সফাপুর ইউনিয়নের বিনোদপুর দাখিল মাদরাসার টয়লেটের ছাদ থেকে এসব বই উদ্ধার করা হয়।
বুধবার সকালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, নওগাঁর মহাদেবপুরে ওই মাদরাসার শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে বিতরণের জন্য সরকারি বই বাইরে বিক্রির উদ্দেশ্যে টয়লেটের ছাদে লুকিয়ে রাখা হয়। পরে বিষয়টি মহাদেবপুর উপজেলা নির্বাহী অফিসারকে জানালে তাৎক্ষণিক উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. হাবিবুর রহমান ও মহাদেবপুর উপজেলা শিক্ষা একাডেমিক সুপারভাইজার মো. ফরিদুল ইসলামকে মাদরাসা পরিদর্শনের নির্দেশ দেন। পরে তারা মাদরাসা থেকে মাদরাসার শিক্ষক ও আশপাশের লোকজনের সামনে মাদরাসার টয়লেটের ছাদ থেকে অসৎ উদ্দেশ্যে মজুদ রাখা বইগুলো উদ্ধার করে।
আরো পড়ুন: দাঁড়িয়ে থাকা লরিতে মাইক্রোর ধাক্কায় ঝরল প্রাণ
মহাদেবপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ষষ্ঠ শ্রেণি থেকে দশম শ্রেণি পর্যন্ত পাঠ্য বই শিক্ষা অফিস থেকে গ্রহণ করলেও ওই মাদরাসার সুপার কোনো ছাত্র-ছাত্রীর নামে হাজিরা খাতা দেখাতে পারেননি এবং প্রথম শ্রেণি থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত ৯ জন শিক্ষার্থীকে বই বিতরণের কথা বললেও কাগজ-কলমে তার সত্যতা পাওয়া যায়নি।
তিনি আরও বলেন, এ বিষয়ে মাদরাসার সুপার ও সহ-সুপারের বিরুদ্ধে সরকারি পাঠ্যপুস্তক শিক্ষার্থীদের মাঝে বিতরণ না করার অপরাধে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।