ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

[ দেশজুড়ে ]

১৮ কোটি টাকা নিয়ে উধাও আমিনসহ তিনজনের বিরুদ্ধে মামলা

সিলেট প্রতিনিধি 
প্রকাশিত: ২০:০৩, ২৭ ফেব্রুয়ারি ২০২২
১৮ কোটি টাকা নিয়ে উধাও আমিনসহ তিনজনের বিরুদ্ধে মামলা
ফাইল ছবি

কানাডা, রোমানিয়া ও পোল্যান্ড পাঠানোর নামে প্রতারণা করে প্রায় ১৮ কোটি টাকা নিয়ে পালিয়ে যাওয়া প্রতারক আমিনুর রহমানসহ তিনজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। 

রোববার প্রতারণার শিকার সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার বানেশ্বরপুর গ্রামের মো. আলাউদ্দিন মিয়ার ছেলে ফখরুল ইসলাম বাদী হয়ে সিলেট মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি মডেল থানায় প্রতারণা ও মানবপাচার আইনে মামলা দায়ের করেন। 

মামলায় আমিন রহমান ট্রাভেলস-এর স্বত্বাধিকারী সুনামগঞ্জের ছাতক উপজেলার ছনবাড়ি এলাকার নিজগাঁও গ্রামের তোফাজ্জল আলীর ছেলে আমিনুর রহমানকে প্রধান আসামি করা হয়েছে। এছাড়াও মামলায় তার ভাই সিদ্দিকুর রহমান ও জিয়াউর রহমানকে আসামি করা হয়েছে। 

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী মাহমুদ মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে কানাডা, রোমানিয়া ও পোল্যান্ড পাঠানোর নামে প্রতারণা করে প্রায় ১৮ কোটি টাকা নিয়ে পালিয়ে যান প্রতারক আমিনুর রহমান। টাকা নিয়ে ভুক্তভোগীদের হাতে ধরিয়ে দেন জাল ভিসা ও টিকিট। তার প্রতারণার শিকার অন্তত দুই শতাধিক ব্যক্তি। প্রত্যেকের সঙ্গেই জাল ভিসা ও টিকিট দিয়ে প্রতারণা করেছেন তিনি। 

ভুক্তভোগীরা জানান, কানাডা, পোল্যান্ড ও রোমানিয়া পাঠানোর নামে প্রায় দুইশতাধিক ব্যক্তির কাছ থেকে ১৮ কোটি টাকারও বেশি হাতিয়ে নেন আমিন রহমান ট্রাভেলসের স্বত্বাধিকারী আমিনুর রহমান। কানাডা পাঠানোর নামে ১৭ লাখ টাকা চুক্তি করে ২০ থেকে ২৫ জনের কাছ থেকে দুই দফায় নিয়েছেন ৪ কোটি ২৫ লাখ টাকা। চুক্তি অনুযায়ী প্রথমে পাসপোর্ট নেওয়ার সময় দুই লাখ টাকা পরে টিকিট দেওয়ার সময় নেন বাকি ১৫ লক্ষ টাকা। একইভাবে ১২ লাখ টাকায় পোল্যান্ড পাঠানোর চুক্তি করে ২৫ থেকে ৩০ জনের কাছ থেকে দুই দফায় নেন ৩ কোটি ৬০ লাখ টাকা। 

এছাড়া রোমানিয়া পাঠানোর কথা বলে ৭ লাখ টাকা চুক্তি করে দেড়শতাধিক লোকের কাছ থেকে নিয়েছেন ১০ কোটি ৫০ লাখ টাকা। সব মিলিয়ে প্রায় ১৮ কোটি টাকা নিয়ে উধাও হন আমিনুর রহমান। তার প্রতারণার খবর পেয়ে গত শনিবার জিন্দাবাজারস্থ হক সুপার মার্কেটের দ্বিতীয় তলায় আমিন রহমান ট্রাভেলসে ভিড় জমান ভুক্তভোগীরা। কিন্তু তাকে পাওয়া যায়নি। রোববার দিনভরও প্রতারণার শিকার বেশ কয়েকজন ব্যক্তিও অফিসের সামনে অবস্থান করতে দেখা গেছে। 

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী মাহমুদ বলেন, অভিযোগকারীদের মধ্য থেকে ১৮ জন থানায় এসে একটি অভিযোগ দায়ের করেন। পরে তাদের মধ্য থেকে দক্ষিণ সুরমা উপজেলার বানেশ্বরপুর গ্রামের মো. আলাউদ্দিন মিয়ার ছেলে ফখরুল ইসলাম বাদী হয়ে আমিন রহমানকে প্রধান ও তার দুই ভাই সিদ্দিকুর রহমান এবং জিয়াউর রহমানকে আসামি করে মামলা দায়ের করেন। অভিযুক্তদের গ্রেফতার করতে চেষ্টা চালাচ্ছি। আমিনসহ আসামিরা যাতে দেশ ছেড়ে যেতে না পারে সে পদক্ষেপ গ্রহণ করা হবে বলে জানান তিনি।  

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: সিলেট
লিংক সফলভাবে কপি হয়েছে!