জনগণকে পরিসংখ্যান বিষয়ে সম্পৃক্ত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ
খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক বলেছেন, পরিসংখ্যানের গুরুত্ব অপরিসীম। দেশের জনগণকে পরিসংখ্যান বিষয়ে অবহিত ও সম্পৃক্ত করার লক্ষ্যে দিবসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তিনি আরো বলেন, পরিসংখ্যান ব্যুরো জনশুমারি, কৃষিশুমারি, অর্থনৈতিক শুমারিসহ বিভিন্ন প্রকার সার্ভে যদি সুষ্ঠু ও সুন্দরভাবে পরিচালনা করা যায় তাহলে দেশের মানুষকে আরো উন্নত করা সম্ভব হবে।
রোববার সকাল ১০টায় খুলনা মহানগরীর শহিদ হাদিস পার্কে ‘জাতীয় পরিসংখ্যান দিবস-২০২২’ উপলক্ষে আলোচনা সভা ও র্যালির উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
দিবসটির এবারের প্রতিপাদ্য হচ্ছে- ‘গুণগত পরিসংখ্যান উন্নত জীবনের সোপান’।
মেয়র বলেন, জাতীয় পরিসংখ্যান দিবসের তাৎপর্য সর্বসাধারণের মধ্যে তুলে ধরতে দিবসটির প্রতিপাদ্যের গুরুত্ব অপরিসীম। এবারের স্লোগান জনগণের কাছে তুলে ধরা প্রয়োজন। এজন্য আমার পক্ষ থেকে সার্বিক সহযোগিতা করা হবে।
খুলনা পরিসংখ্যান কার্যালয়ের বিভাগীয় যুগ্ম পরিচালক মো. আশরাফুল আলম সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) মো. শহিদুল ইসলাম ও জেলা প্রশাসক মো. মনিরুজ্জামান তালুকদার।