ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

[ দেশজুড়ে ]

টেকনাফে অস্ত্র-চোলাই মদসহ রোহিঙ্গা সন্ত্রাসী আটক

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশিত: ২০:১৮, ২৫ ফেব্রুয়ারি ২০২২
টেকনাফে অস্ত্র-চোলাই মদসহ রোহিঙ্গা সন্ত্রাসী আটক
আটককৃত রোহিঙ্গা সন্ত্রাসী মুজিবুর রহমান প্রকাশ মিজানুর

কক্সবাজারের টেকনাফে এক রোহিঙ্গা সন্ত্রাসীকে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। এ সময় একটি দেশীয় তৈরি এলজি, এক রাউন্ড গুলি ও এক লিটার চোলাই মদ উদ্ধার করা হয়েছে।

আটককৃত মুজিবুর রহমান প্রকাশ মিজানুর ঐ উপজেলার হ্নীলা ইউনিয়নের লেদা রোহিঙ্গা ক্যাম্পের আবুল খায়েরের ছেলে। সে রোহিঙ্গা সন্ত্রাসী খালেক গ্রুপের সক্রিয় সদস্য। শুক্রবার ভোরে টেকনাফের নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্প এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়েছে।

এ তথ্য নিশ্চিত করে ১৬ এপিবিএন এর অধিনায়ক পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালানো হয়। ঐ সময় এপিবিএন সদস্যদের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় এক লিটার চোলাই মদসহ রোহিঙ্গা সন্ত্রাসী খালেক গ্রুপের সক্রিয় সদস্য মুজিবুর রহমান প্রকাশ মিজানুরকে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্যমতে ক্যাম্পের নুরালী পাড়ায় আরেক রোহিঙ্গা সন্ত্রাসী ইমাম হোসেনের বাড়ির পাশ থেকে একটি দেশীয় তৈরি এলজি ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

এসপি তারিকুল আরো জানান, আইনি ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধারকৃত অস্ত্র-গুলি ও চোলাই মদসহ আটককৃত রোহিঙ্গা সন্ত্রাসীকে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এআর/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!