আশুগঞ্জে রেল সেতুতে আগুন
কিশোরগঞ্জ জেলার ভৈরব ও আশুগঞ্জ উপজেলার মাঝে মেঘনা নদীর ওপর নির্মিত শহীদ আব্দুল হালিম রেলওয়ে সেতুতে আগুন লাগার ঘটনা ঘটেছে।
শুক্রবার রাত সোয়া আটটার দিকে আগুন লাগার ঘটনা ঘটে। আধা ঘণ্টার চেষ্টায় ফায়ার সার্ভিসের একাধিক টিম আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এতে ট্রেন চলাচলে কোনো বিঘ্ন ঘটেনি।
একাধিক সূত্র জানায়, রাত সোয়া আটটার দিকে ডাউন লাইনের শহীদ আব্দুল হালিম রেলওয়ে সেতুর মাঝামাঝি স্থানে আগুন লাগে। সেতুর যে স্থান দিয়ে বিভিন্ন তার গেছে সেদিকে আগুন লাগার ঘটনা ঘটে। রাত সাড়ে ৮টার দিকে ঐ সেতুর ওপর দিয়ে ঢাকা থেকে আখাউড়াগামী তিতাস কমিউটার ট্রেন যায়। খবর পেয়ে আশুগঞ্জ ফায়ার সার্ভিসের দল আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুন লাগার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
ভৈরব রেলওয়ে জংশনের সহকারী নির্বাহী প্রকৌশলী (এইএন) জিসান দত্ত বলেন, সেতুর পাশ দিয়ে যে বৈদ্যুতিক তার গেছে তাতেই আগুন লাগার ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়েছে। ট্রেন চলাচলে কোনো সমস্যা হচ্ছে না।
উল্লেখ্য, কিশোরগঞ্জ জেলার ভৈরব ও আশুগঞ্জ উপজেলার মাঝে মেঘনা নদীর উপর অবস্থিত শহীদ আব্দুল হালিম রেলওয়ে সেতু। একই স্থানে পাশাপাশি দুটি রেলওয়ে সেতু রয়েছে।