[ দেশজুড়ে ]
ভাতিজার রক্তাক্ত শরীর দেখেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন ফুফু
কুড়িগ্রাম জেলা ছবি: ডেইলি বাংলাদেশ
কুড়িগ্রামের রাজারহাটে ছুরিকাঘাতে আহত ভাতিজার রক্তাক্ত শরীর দেখে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ফুফুর মৃত্যুর খবর পাওয়া গেছে। এ ঘটনায় অভিযুক্ত এক যুবককে আটক করেছে পুলিশ।
স্থানীয়রা জানায়, বুধবার রাতে তুচ্ছ ঘটনার জের ধরে উপজেলা সদরের কিশামত পূণ:কর গ্রামের আজিজার রহমানের ছেলে রাজমিস্ত্রী এনামুল হকের সঙ্গে একই গ্রামের মানিক মিয়ার ছেলে রাশেদুল ইসলামের সঙ্গে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে রাশেদুল এনামুলকে ছুরি দিয়ে আঘাত করে। এ সময় এনামুল মারাত্মক জখম হয়। খবর পেয়ে ঘটনাস্থলে দৌড়ে আসেন এনামুলের ফুফু মিনা বেগম।
ভাতিজার রক্তাক্ত দেহ দেখে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে সেখানেই গুরুতর অসুস্থ হয়ে পড়েন। পরে তাৎক্ষণিক রাজারহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে বিক্ষুব্ধ এলাকাবাসী রাশেদুলকে আটক করে পুলিশে সোপর্দ করে।
রাজারহাট থানার ওসি রাজু সরকার বলেন, এ ঘটনায় অভিযুক্ত রাশেদুলকে আটক করা হয়েছে। এনামুলের বড়ভাই থানায় মামলা দায়ের করেছেন।
ডেইলি-বাংলাদেশ/এমকে
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!