শরীয়তপুরে ২ ছাত্রীকে অপহরণের চেষ্টা, ছিনতাই
শরীয়তপুরে জেলা শহরের পালং এলাকা থেকে দুই ছাত্রীকে অপহরণের চেষ্টা করে স্থানীয় বখাটে চক্রের সদস্যরা। বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে খালাতো ভাইয়ের সঙ্গে আটং এলাকা থেকে জেলা শহরে আসার পথে এ ঘটনা ঘটে। এ সময় ঐ ছাত্রীদের সঙ্গে থাকা ১টি স্বর্ণের চেইন, ২ টি মোবাইল ও নগদ ১১ হাজার টাকা ছিনিয়ে নেয়ার অভিযোগ উঠে বখাটেদের বিরুদ্ধে।
ভুক্তভোগীরা জানান, পালং এলাকার চিহ্নিত বখাটে নাজমুল, নাসির ও তাদের অনুসারীরা এই অপহরণের চেষ্টা ও ছিনতাইয়ের সঙ্গে জড়িত। এ ঘটনায় শরীয়তপুর শহরের পালং মডেল থানার একটি অভিযোগ করেছেন ভুক্তভোগী দুই ছাত্রীর ভাই হুমায়ূন আহমেদ।
জানা যায়, বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে শরীয়তপুর পৌরসভার আটং থেকে ২ বোনকে নিয়ে মোটরসাইকেল যোগে শরীয়তপুর শহরে আসার পথে পালং উচ্চ বিদ্যালয়ের সামনে এলে তাদের গতিরোধ করে নাজমুল ও তার অনুসারীরা। এ সময় মোটরসাইকেলের পেছনে থাকা ঐ দুই ছাত্রীর ওড়না বাতাসে উড়ছে কেন এমন অভিযোগে চর থাপ্পর মারে বখাটেরা। পরবর্তীতে ভুক্তভোগী দুই ছাত্রীকে পার্শ্ববর্তী সড়ক দিয়ে জোরপূর্বক টেনে হিচড়ে তুলে নেয়ার চেষ্টা করে বখাটেরা। এ সময় তাদের সঙ্গে থাকা ২টি মোবাইল, একটি স্বর্ণের চেইন ও ১১ হাজার টাকা ছিনিয়ে নেয় বখাটেরা। দুই শিক্ষার্থীর চিৎকারে আশপাশে থাকা লোকজন এগিয়ে এলে পালিয়ে যায় বখাটেরা।
হুমায়ূন আহমেদ জানান, বাড়ি থেকে দুই বোনকে নিয়ে শহরে ফিরছিলাম। পালং এলাকায় অকারণে আমার মোটরসাইকেল থামিয়ে মিথ্যা অজুহাতে আমাদের গালাগালি করতে থাকে নাসির, নাজমুলসহ ৮ থেকে ১০ জন উঠতি বয়সী ছেলে। বোনদের জোর করে টেনে হিচড়ে পার্শ্ববর্তী রাস্তায় নিয়ে যেতে চেষ্টা করে বখাটেরা। এ সময় আমাদেরকে মারপিট করে সঙ্গে থাকা মূল্যবান সব কিছু নিয়ে যায় তারা। তাদের পায়ে ধরে মিনতি করেছি। তারপরও তারা আমাদের মেরেছে।
উল্লেখ্য, কিছুদিন আগেও বখাটে নাজমুল ও তার সহযোগীদের বিরুদ্ধে প্রকাশ্যে এক নারীকে মারপিটের অভিযোগ ওঠে। ঘটনার ভিডিও ধারণ করতে গেলে এক সাংবাদিককে মারপিট করে ঐ বখাটেরা। এ ঘটনায় ঐ নারী ও সাংবাদিক পালং মডেল থানায় মামলা করেন।
পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আক্তার হোসেন বলেন, ভুক্তভোগী ওই দুই ছাত্রীর ভাই থানায় অভিযোগ করেছেন। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।