কক্সবাজারে ৮০ কেজি গাঁজা ও ফেনসিডিলসহ আটক ৪
কক্সবাজারের রামুতে নাহার পেট্রোল পাম্পের সামনে চেকপোস্ট বসিয়ে ৮০ কেজি গাঁজা ও ৯৫ বোতল ফেনসিডিলসহ ৪ জনকে আটক করেছে র্যাব।
বুধবার রাত দেড়টার দিকে এ অভিযান পরিচালনা করা হয় বলে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন র্যাব-১৫ এর সহকারী পুলিশ সুপার মো. বেলাল উদ্দিন ।
আটককৃতরা হলেন কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের বীরচন্দ্র নগরের মমতাজের ছেলে মো. ওয়াসিম আকরাম, একই ওয়ার্ডের মৃত নাজমুল হাসানের ছেলে মো. নাইম হাসান, একই উপজেলার গোলপাশা ইউনিয়ন ৬ নম্বর ওয়ার্ডের মৃত সিরাজ মিয়ার ছেলে মো. অহিদ মিয়া এবং চাঁদপুর জেলার শাহরাস্তি থানার রায়শ্রী ইউনিয়ন ২ নম্বর ওয়ার্ডের মৃত শফিকুর রহমানের ছেলে মো. কামরুল ইসলাম ড্রাইভার।
র্যাব-১৫ এর সহকারী পুলিশ সুপার মো. বেলাল উদ্দিন জানান, র্যাব গোপন সূত্রে জানতে পারে কুমিল্লা থেকে একটি বড় মাদকের চালান প্রাইভেট কার যোগে কক্সবাজার আসছে। এমন সংবাদের ভিত্তিতে র্যাব রামু নাহার পেট্রোল পাম্পের চেকপোস্ট স্থাপন করে একটি প্রাইভেট কার থেকে ৮০ কেজি গাঁজা, ৯৫ বোতল ফেনসিডিলসহ চারজনকে আটক করে । পরে গ্রেফতারকৃত আসামিদেরকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করার জন্য রামু থানায় একটি এজহার দাখিল করা হয়েছে।