৩ দিনের মধ্যে বউ ফেরত না দিলে ৫ লাখ টাকা জরিমানা
ফরিদপুরের নগরকান্দায় বন্ধুর বউকে ভাগিয়ে নেয়ার পর ৭২ ঘণ্টা অর্থাৎ তিনদিনের মধ্যে বউ ফেরত দিতে বলা হয়েছে সালিশে। ফেরত না দিলে গুনতে হবে ৫ লাখ টাকা জরিমানা।
রোববার সন্ধ্যায় উপজেলার কাইচাইল ইউনিয়ন পরিষদ ভবনে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে সালিশে এ সিদ্ধান্ত নেয়া হয়। সোমবার বিকেলে কাইচাইল ইউপি চেয়ারম্যান মোস্তফা খান এর সত্যতা নিশ্চিত করেছেন।
ঐ বধূর স্বামী শাহিন ফকির বলেন, আনিস মাতুব্বর আমার স্ত্রীকে ফুসলিয়ে ভাগিয়ে নিয়ে গেছে। আমার স্ত্রী সেই সময় তিন ভরি গহনা এবং নগর ২ লাখ টাকা নিয়ে আমার বাড়ি থেকে পালিয়ে যায়। এর আগেও আনিস ভাঙ্গা থেকে এক নারীকে একইভাবে ভাগিয়ে নিয়ে এসে তার টাকা ও মালামাল আত্মসাৎ করে। পরে ঐ মেয়েকে তাড়িয়ে দেয়।
নগরকান্দা পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ জিয়াউর রহমান জিয়া বলেন, ফকিরের ছেলে শাহিন ফকিরের স্ত্রীকে প্রায় এক মাস আগে ভাগিয়ে নিয়ে যায় একই গ্রামের মুন্নু মাতব্বরের ছেলে আনিস মাতুব্বর। এ ঘটনায় দুই পরিবারের মধ্যে গত ২৬ জানুয়ারি কথাকাটাকাটির একপর্যায়ে সংঘর্ষের সৃষ্টি হয়। সংঘর্ষে দুই পক্ষ ইট-পাটকেল দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হলে প্রায় ১২ জন আহত হন।

তিনি বলেন, আনিস মাতুব্বরের বিরুদ্ধে এর আগেও এরকম দুটি মেয়েকে ভাগিয়ে নিয়ে আসার ঘটনা আছে। সে ঘটনায় একটি মামলা ও আরেকটু সালিশের মাধ্যমে মীমাংসা হয়। এজন্য তিন দিনের মধ্যে ঐ মেয়েকে জীবিত হাজির করে তার শ্বশুর বাড়িতে পৌঁছে দেয়ার কথা বলা হয়েছে। তা দিতে ব্যর্থ হলে ৫ লাখ টাকা জরিমানা এবং পরবর্তী সিদ্ধান্ত অনুযায়ী তাদের বিচার করা হবে।
এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (নগরকান্দা সার্কেল) সুমিনুর রহমান বলেন, সংঘর্ষের ঘটনায় দুই পক্ষের পাল্টাপাল্টি অভিযোগ রয়েছে। ঘটনার পর থেকে এলাকায় পুলিশ মোতায়েন রয়েছ। পরিস্থিতি এখন স্বাভাবিক। তিনি আরো বলেন, শুক্রবার ও শনিবার এলাকার বিভিন্ন বাড়িতে অভিযান চালিয়ে প্রায় শতাধিক দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। সে ঘটনায় একটি মামলা করা হয়েছে।
প্রসঙ্গত, ফরিদপুরের নগরকান্দায় এক তরুণের স্ত্রীকে ভাগিয়ে নিয়ে যায় তার বন্ধু। এ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় কমপক্ষে ১২ জন আহত হয়। বুধবার দুপুরের দিকে উপজেলার কাইচাইল ইউনিয়নের পোড়াদিয়া বাজার এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।