ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

[ দেশজুড়ে ]

কুমিল্লায় ৫ ভুয়া ডাক্তার গ্রেফতার

কুমিল্লা প্রতিনিধি
প্রকাশিত: ১৫:৫৯, ২৯ জানুয়ারি ২০২২
কুমিল্লায় ৫ ভুয়া ডাক্তার গ্রেফতার
গ্রেফতারকৃত পাঁচজন ভুয়া ডাক্তার

কুমিল্লা নগরী ও আদর্শ সদর উপজেলায় পৃথক অভিযান চালিয়ে পাঁচজন ভুয়া ডাক্তারকে নিজ চেম্বার থেকে গ্রেফতার করেছে র‍্যাব। শুক্রবার সন্ধ্যায় অভিযান দুটি চালানো হয়।

গ্রেফতারকৃতরা হলেন- কুমিল্লা নগরীর দীগাম্বরী তলার চন্দ্রমোহন দেবনাথের ছেলে অজিত কুমার দেবনাথ, সুজানগর এলাকার মমতাজ উদ্দিন আহমেদের ছেলে জসিম উদ্দিন আহমদ, চকবাজার এলাকার মো. এরশাদ আলীর ছেলে মো. আমিনুল হাসান তারেক; কাপ্তান বাজারের এ.কে মফিজুল হকের ছেলে এ.কে.এম মোজাম্মেল হক, পূর্ব বাগিচাগাঁও এলাকার নিরাংশু দাসের ছেলে দেবাশীষ দাস।

শনিবার সকালে র‍্যাব-১১, সিপিসি-২ এর অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে বিএমডিসি’র অনুমোদন কিংবা একাডেমিক সার্টিফিকেট ছাড়াই নিজেদের ডিগ্রিধারী বিশেষজ্ঞ ডাক্তার পরিচয় দিয়ে চিকিৎসার নামে সহজ-সরল মানুষের সঙ্গে প্রতারণা করে আসছিলেন। সুনির্দিষ্ট অভিযোগ পেয়ে শুক্রবার সন্ধ্যায় কুমিল্লা নগরীর অমিত মেডিকেল হল ও আদর্শ সদর উপজেলার কালিরবাজারের হৃদয় ফার্মেসীতে অভিযান চালিয়ে নিজ নিজ চেম্বার থেকে পাঁচজন ভুয়া ডাক্তারকে গ্রেফতার করা হয়েছে।

র‍্যাব-১১, সিপিসি-২ এর অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত পাঁচজন চিকিৎসার নামে প্রতারণার দায় স্বীকার করেছেন। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!