ধোঁয়া দেখে এগিয়ে এলো গ্রামবাসী, মিলল কিশোরীর দগ্ধ লাশ
ফরিদপুরে ফাঁকা মাঠে থেকে এক কিশোরীর দগ্ধ লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। তবে এখনো তার পরিচয় শনাক্ত করা যায়নি। মঙ্গলবার সকালে উপজেলার কৈজুরী ইউনিয়নের বিলনালিয়া গ্রামের গাজীর চক থেকে লাশটি উদ্ধার করা হয়।
স্থানীয়দের ধারণা, একটি সুটকেসের মধ্যে ১০-১২ বছরের ঐ কিশোরীর লাশ পেট্রোল ঢেলে আগুনে পুড়িয়ে দেওয়া হয়।
কৈজুরী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য (মেম্বার) মো. নুর উদ্দিন বলেন, সকালে স্থানীয় কৃষকরা লাশটি থেকে ধোঁয়া দেখতে পেয়ে এলকাবাসীকে খবর দেয়।
পশ্চিম বিলনালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. কাজী তারেক বলেন, সকালে বিলনালিয়া গ্রামের পেছনে মাঠে কৃষকরা কাজ করতে গিয়ে লাশটি দেখতে পান। ধারণা করা হচ্ছে কিশোরীকে হত্যার পর সুটকেস জাতীয় কোনো লাগেজ ভর্তি লাশটি পেট্রোল ঢেলে আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছে।
কৈজুরী ইউপির নারী সদস্য লিপি ইয়াসমিন বলেন, সোমবার দিবাগত শেষ রাতের দিকে লাশটিতে আগুন দেওয়া হয়। লাশের নিচের অংশ এবং পুরো শরীর পুড়ে গেছে। মাথার সামান্য অংশ ও চুল দেখে ধারণা করা হচ্ছে এটা কোনো কিশোরী লাশ।
এ ব্যাপারে ফরিদপুরের কোতোয়ালি থানার এসআই শংকর কুমার বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে আগুনে পুড়ে যাওয়া লাশ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ১০-১২ বছরের কোনো কিশোরীর লাশ। তদন্তের পর বিস্তারিত জানা যাবে।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ জলিল বলেন, খবর পেয়ে কোতোয়ালি থানা পুলিশ, সিআইডির ক্রাইমসিন টিম ও পিবিআই এর টিম ঘটনাস্থলে যায়৷ মৃতের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। সিআইডি এবং পিবিআই আলামত সংগ্রহ করেছে। লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। পুলিশ এরই মধ্যে ঘটনাটি তদন্তে নেমেছে।