পরাজিত মেম্বার প্রার্থীর লাশের পাশে ছিল কমলা-জুস
নোয়াখালীর সোনাইমুড়ীতে ধানক্ষেত থেকে এক পরাজিত ইউপি সদস্যের লাশ উদ্ধার করেছে পুলিশ। লাশের পাশে পড়েছিল কমলা ও জুস।
শনিবার রাত ১২টার পর উপজেলার বজরা ইউনিয়নের ছনগাঁও গ্রামে এ ঘটনা ঘটে। নিহত জহিরুল ইসলাম ৫ জানুয়ারির ইউপি নির্বাচনে ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য হিসেবে অংশ নেন। মাত্র ২৩ ভোটে পরাজিত হন তিনি। জহিরুল একই ওয়ার্ডের চকিদার বাড়ির ছেফায়েত উল্লাহর ছেলে।
সোনাইমুড়ী থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. ইব্রাহীম খলিল জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়েছে। তার শরীরে আঘাত বা জখমের চিহ্ন নেই। তবে লাশের পাশে পড়ে থাকা একটি ব্যাগ থেকে কমলা ও জুস পাওয়া গেছে। লাশটি নোয়াখালী জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে মৃত্যুর কারণ জানা যাবে।
নিহতের স্বজনরা জানান, স্থানীয় ইসলামগঞ্জ বাজারে জহিরুলের একটি ব্যবসাপ্রতিষ্ঠান রয়েছে। প্রতিদিনের মতো শনিবার রাতে নিজ প্রতিষ্ঠান বন্ধ করে বাড়ি যান জহিরুল। রাত ১২টার দিকে তার মোবাইলে একটি কল আসার পর বাড়ি থেকে বের হয়ে যান। এরপর রাতে আর বাড়ি ফেরেননি।
রোববার সকালে বাড়ির পার্শ্ববর্তী ফারুক মাস্টার বাড়ির পাশের একটি ধানক্ষেতের পানিতে ভাসমান অবস্থায় জহিরুলের লাশ দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে লাশটি উদ্ধার করে পুলিশ।
নিহতের বড় ভাই শাহজাহান বলেন, রাত ১২টার দিকে মুঠোফোনে কল এলে ঘর থেকে বের হন তার ভাই জহিরুল। এরপর অনেক খোঁজাখুঁজি করেও তাকে না পেয়ে সবাই ঘুমিয়ে পড়ি।