নানির শাড়িতে ঝুলছিল কিশোরী ইভা
গাজীপুরের কালীগঞ্জে ইভা আক্তার নামে এক কিশোরীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৭ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার রাজপাড়া গ্রাম থেকে কিশোরীর ওই ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।
মরদেহ উদ্ধারের পর তা ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন কালীগঞ্জ থানার এসআই আব্দুস সালাম।
নিহত ইভা কালীগঞ্জ পৌরসভার ৯নং ওয়ার্ডের রাজপাড়া গ্রামের ইব্রাহিম মিয়ার মেয়ে। সে স্থানীয় জুহুলী উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির শিক্ষার্থী ছিল।
আরো পড়ুন: ট্রলারডুবির ঘটনায় তিনদিনেও সন্ধান মেলেনি নিখোঁজদের
পরিবারের বরাত দিয়ে এসআই জানান, কিশোরীর মা ঢাকায় কাজ করেন। শুক্রবার বেলা ১১টার দিকে ইভাকে বাড়িতে রেখে কাজে চলে যান তার বাবা। বিকেল ৬টার দিকে বাড়িতে এসে ঘরের আড়ার সঙ্গে নানির শাড়িতে ইভার ঝুলন্ত মরদেহ দেখতে পান। পরে বাবার চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসেন এবং পুলিশে খবর দেন। ধারণা করা হচ্ছে, বেলা ১১টা থেকে বিকেল ৬টার মধ্যে কোনো এক সময় এ ঘটনা ঘটেছে।
এসআই আরো বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে ওই কিশোরীর মরদেহ উদ্ধার করে এবং ময়নাতদেন্তর জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তবে কী কারণে এ ঘটনা ঘটেছে তা জানাতে না পারলেও এ ঘটনায় পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।