ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

এক ভোটের জয়!

ফেনী প্রতিনিধি
প্রকাশিত: ১৭:২৬, ৬ জানুয়ারি ২০২২
এক ভোটের জয়!
এক ভোটের ব্যবধানে জয়ী আনোয়ার হোসেন মানিক

পঞ্চম ধাপের ইউনিয়ন পরিষদের নির্বাচনে ফেনী সদর উপজেলার কালিদহ ইউনিয়নে মেম্বার পদে হাড্ডাহাড্ডি লড়াইয়ে এক ভোটে জয় পেয়েছেন আনোয়ার হোসেন মানিক।

বুধবার নির্বাচন শেষে ভোট গণনা করে দেখা গেছে- মানিক পেয়েছেন ৭৬৯ ভোট। আর তার প্রতিদ্বন্দ্বী অজিত বরণ দাশ পেয়েছেন ৭৬৮ ভোট।

তীব্র প্রতিদ্বন্দ্বিতার পর জয়ের উচ্ছ্বাস প্রকাশ করে আনোয়ার হোসেন মানিক বলেন, একটি ভোট কত মূল্যবান তা হাড়ে হাড়ে টের পেয়েছি। এ ঘটনা আমার সারাজীবন মনে থাকবে। প্রত্যেক ভোটারের প্রতি আমার মূল্যায়ন বাড়বে।

তিনি আরো বলেন, এটি একটি বিরল ঘটনা। এ ফলাফল থেকেই বোঝা গেল- আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থীও যথেষ্ট যোগ্য ছিলেন। এ কারণে তাকে সঙ্গে নিয়ে এলাকার উন্নয়নে কাজ করব।

পরাজিত প্রার্থী অজিত বরণ দাশ বলেন, এক ভোটে হেরে গেলাম। এই কষ্ট কখনো ভোলার নয়।

প্রিজাইডিং অফিসার আজিম উদ্দিন জানান, কেন্দ্রটিতে মেম্বার পদে ঐ দুজনই প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। গণনা শেষে মাত্র এক ভোটে বিজয়ী হয়েছেন আনোয়ার হোসেন মানিক।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!