ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

[ দেশজুড়ে ]

টাকার প্রলোভন দেখিয়ে কিশোরীকে ধর্ষণ, চাচার যাবজ্জীবন

নড়াইল প্রতিনিধি
প্রকাশিত: ২১:৪৬, ৫ জানুয়ারি ২০২২
টাকার প্রলোভন দেখিয়ে কিশোরীকে ধর্ষণ, চাচার যাবজ্জীবন
(ছবি: সংগৃহীত)

নড়াইলে কিশোরীকে ধর্ষণের দায়ে প্রতিবেশী চাচা লিয়াকত মোল্যাকে যাবজ্জীবন ও চাচি সুফিয়া বেগমকে ৭ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। এছাড়া লিয়াকতকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার সন্ধ্যায় নড়াইল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক সানা মো. মাহ্রুফ হোসাইন এ আদেশ দেন।

দণ্ডপ্রাপ্ত লিয়াকত মোল্যা যশোর জেলার বাঘারপাড়া থানার বল্লামূখ গ্রামের মৃত ফাজেল মোল্যার ছেলে (বর্তমান ঠিকানা নড়াইল সদরের বামনহাট গ্রাম) এবং লিয়াকত মোল্যার স্ত্রী সুফিয়া বেগম। রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।

মামলার বিবরণে জানা গেছে, লিয়াকত মোল্যা পার্শ্ববর্তী বাড়ির ১২ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণ করেন। এতে ওই কিশোরী গর্ভবতী হয়ে পড়ে। ২০২১ সালের ৪ মার্চ লিয়াকত গর্ভের সন্তান নষ্ট করার জন্য কিশোরীকে ওষুধ খাওয়ায়। এতে ওই কিশোরী অসুস্থ হয়ে পড়লে তার বড় বোন বিষয়টি বুঝতে পারেন। তাকে জিজ্ঞাসাবাদ করলে সে জানায়, ৬ থেকে ৭ মাস আগে বাড়ি ফাঁকা পেয়ে প্রতিবেশী চাচা লিয়াকত মোল্যা টাকার প্রলোভন দেখিয়ে তাকে ধর্ষণ করেন। এ ঘটনায় কিশোরীর বড় ভাই বাদী হয়ে নড়াইল সদর থানায় ৬ মার্চ ২০২১ তারিখে লিয়াকত মোল্যা ও তার স্ত্রী সুফিয়া বেগমকে আসামি করে একটি ধর্ষণ মামলা দায়ের করেন।

মামলার অপর আসামি লিয়াকত মোল্যার স্ত্রী সুফিয়া বেগমকে এ কাজে সহযোগীতার অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত তাকে ৭ বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রমে কারাদণ্ডের আদেশ দিয়েছে।

ডেইলি-বাংলাদেশ/আরএম
ট্যাগ: ধর্ষণ নড়াইল
লিংক সফলভাবে কপি হয়েছে!