মাছ বিক্রি করে বিয়ে করা হলো না মিরাজের
পটুয়াখালীর কলাপাড়ায় রাতের আধারে মিরাজ নামে এক বাকপ্রতিবন্ধীর পুকুর থেকে লক্ষাধিক টাকার মাছ চুরি করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। এ মাছ বিক্রি করেই বিয়ে করার কথা ছিল মিরাজের।
মঙ্গলবার গভীর রাতে ঐ উপজেলার টিয়াখালী ইউনিয়নের রজপাড়া-বিশকানি এলাকায় এ ঘটনা ঘটে। পুকুরের পচা মাছের দুর্গন্ধ এলাকায় ছড়িয়ে পড়েছে।
মিরাজের মা খুকি বেগম বলেন, বাড়িতে কেউ না থাকার সুযোগে দুর্বৃত্তরা বিষ প্রয়োগ করে বড় সাইজের কোরাল, কাতল, রুই, তেলাপিয়াসহ বিভিন্ন প্রজাতির অধিকাংশ মাছ নিয়ে গেছে। এছাড়া যেসব মাছ পুকুরে ছিল- তা মরেপচে ভেসে উঠেছে।

তিনি আরো বলেন, আমার বোবা ছেলে রিকশা চালিয়ে সেই টাকায় মাছ চাষ করেছিল। নিজে কোনোদিন একটা মাছও ধরে খায়নি। ওর ইচ্ছা ছিলো এই মাছ বিক্রি করে বিয়ে করবে। ছেলেটার সে ইচ্ছা পূরণ হলো না।
সরেজমিনে দেখা গেছে, ৭-৮ কেজি ওজনের কোরাল, কাতলসহ অসংখ্য মাছ পুকুরে ভেসে আছে। পুকুরের পাড়েই হাউ মাউ করে বিলাপ করছে বাকপ্রতিবন্ধী মিরাজ।
কলাপাড়া থানার ওসি মো. জসিম জানান, স্থানীয় একটি চক্র রাতের আঁধারে বিভিন্ন পুকুরের মাছ চুরি করে নিয়ে যায়। এ ঘটনাও তারাই ঘটিয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। ভুক্তভোগীর পরিবারের মৌখিক অভিযোগের পরিপ্রেক্ষিতে বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে।