স্ত্রীর সঙ্গে অভিমান করে স্বামীর আত্মহত্যা
নোয়াখালীর কোম্পানীগঞ্জে এমদাদুল হক নামে এক যুবকের বিষপান করে আত্মহত্যা করেছেন। শনিবার রাতে উপজেলার রামপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে। এমদাদুল হক ঐ ওয়ার্ডের নূরুল হকের ছেলে।
নিহতের বড়ভাই আশরাফুল হক ও স্থানীয় সূত্রে জানা গেছে, এক বছর পূর্বে উপজেলার চরহাজারী ইউনিয়নের শরিয়ত উল্যার মেয়ে ফারজানা আক্তার রাত্রির সঙ্গে এমদাদুলের বিয়ে হয়। কিন্তু স্ত্রীর সঙ্গে সাংসারিক বিষয় নিয়ে ঝগড়ার এক পর্যায়ে ফারজানা রাগ করে বাপের বাড়ি চলে গেলে মানসিকভাবে ভেঙে পড়েন তিনি। পরে সবার অগোচরে এমদাদুল বাড়ির পেছনে গিয়ে বিষপান করে ছটফট করতে থাকে।
আরো পড়ুন: মাতৃগর্ভে গুলিবিদ্ধ সেই সুরাইয়া স্কুলে ভর্তি হয়েছে
বিষয়টি স্বজনরা বুঝতে পেরে স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে প্রথমে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, পরে উন্নত চিকিৎসার জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক রাত ১০টায় তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
কোম্পানীগঞ্জ থানার ওসি মো. সাজ্জাদ রোমন যুবকের বিষপানে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।