ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

[ দেশজুড়ে ]

মিয়ানমার থেকে ৬ লাখ ইয়াবা এনে উখিয়ায় আটক রোহিঙ্গা যুবক

কক্সবাজার প্রতিনিধি 
প্রকাশিত: ১৯:৫৯, ২৫ ডিসেম্বর ২০২১
মিয়ানমার থেকে ৬ লাখ ইয়াবা এনে উখিয়ায় আটক রোহিঙ্গা যুবক
আটককৃত রোহিঙ্গা মাহাত আমিন- ছবি: ডেইলি বাংলাদেশ

কক্সবাজারের উখিয়ায় ৬ লাখ ইয়াবাসহ এক রোহিঙ্গা মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‍্যাব-১৫। শনিবার রাত ১২টা ৫০ মিনিটের দিকে উপজেলার বালুখালী উখিয়ার ঘাট এলাকা থেকে তাকে আটক করা হয়। 

আটককৃত রোহিঙ্গার নাম মাহাত আমিন। তিনি বালুখালী রোহিঙ্গা ক্যাম্পের মো. কালুর ছেলে। 

বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক আবু সালাম চৌধুরী। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব জানতে পারে মিয়ানমার থেকে বালুখালী এলাকায় ইয়াবার একটি বিশাল চালান আসছে। এ সংবাদের ভিত্তিতে উক্ত স্থানে অভিযান চালায় র‌্যাব। শনিবার রাতে একটি সংঘবদ্ধ চক্র কয়েকটি বস্তা নিয়ে বালুখালী উখিয়ার ঘাট কাস্টমস স্টেশন জামে মসজিদ সংলগ্ন রাস্তায় পৌঁছায়। তারা র‍্যাবের উপস্থিতি টের পেয়ে বস্তা ফেলে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় এক মাদক কারবারিকে আটক করে র‍্যাব। পরে তাদের ফেলে যাওয়া বস্তা থেকে ৬ লাখ ইয়াবা উদ্ধার করা হয়।

এদিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত রোহিঙ্গা জানান, দীর্ঘদিন যাবৎ একটি সংঘবদ্ধ চক্র ঐ স্থান দিয়ে বিভিন্ন চোরাচালানের মালামাল ও মাদকদ্রব্য পাচার করে আসছে। পাচারকারী চক্রে রোহিঙ্গা ছাড়াও কয়েকজন বাংলাদেশি জড়িত আছেন।

ডেইলি-বাংলাদেশ/আরএডি/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!